নিম্নচাপের প্রভাবে সেপ্টেম্বরের শুরুতেই বদলে গেল বাংলার আবহাওয়ার ছবি। মঙ্গলবার সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়েছে। কোথাও কোথাও বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে রাস্তাঘাট। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও দিনভর ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের উপর সক্রিয় রয়েছে একটি নিম্নচাপ অঞ্চল। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ওড়িশা উপকূল হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত এর প্রভাব বিস্তৃত। আর তার জেরেই তৈরি হয়েছে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি।
কোথায় কতটা বৃষ্টি?
মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গেও দুর্যোগের আশঙ্কা
দক্ষিণের পাশাপাশি মঙ্গলবার উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টির দাপট থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
শুধু মঙ্গলবার নয়, বুধবার ও বৃহস্পতিবারও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। ফলে নিম্নচাপের প্রভাবে আপাতত উত্তর থেকে দক্ষিণ—দুই বঙ্গেই বর্ষার দাপট বজায় থাকার সম্ভাবনা।
তবে চলতি সপ্তাহের পর দক্ষিণবঙ্গে বড় কোনও দুর্যোগের সতর্কতা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টি চলতে পারে। সোমবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হলেও মঙ্গলবার থেকে সেই নিষেধাজ্ঞা আর বহাল নেই







