নিজস্ব সংবাদদাতা : পাখির নজরে এখন লোকসভা নির্বাচন। বেঙ্গালুরুতে বসেছে বিরোধীদের বৈঠক। মঙ্গলবার সেখানে হবে মূল বৈঠক এবং নানা ইস্যু প্রসঙ্গে আলোচনা। গতকাল অর্থাৎ সোমবার বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য নেতাদের প্রতি বলেন, গণতন্ত্র বাঁচানোর লড়াই শুরু হয়েছে। ঐক্যবদ্ধ মহাজোট ঠিকভাবে ঘটলে বিজেপির পতন অবশ্যম্ভাবী, এমনটাই সূত্রের খবর।
প্রসঙ্গত উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে জয়লাভের পর থেকেই বিজেপি বিরোধী শক্তিগুলিকে এক ছাতার তলায় আনার প্রয়াসে সামিল হয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারংবার তাঁর একটাই বক্তব্য ছিল, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে একের বিরুদ্ধে এক প্রার্থী না দিলে সাফল্য সম্ভব নয়। তবে একুশের বিধানসভায় সাফল্যের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ কিছু না কিছু ভাবে দমে যাচ্ছিল।
সূত্র মাফিক, বৈঠকে সবার উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের উবাচ, ‘মানুষের উন্নয়নের টাকা বন্ধ করে দিচ্ছে এই বিজেপি সরকার। ইতিহাসের সিলেবাস বদল করে দিচ্ছে। প্রত্যেক রাজ্যে জাতপাতের নামে বিভেদের রাজনীতি করা হচ্ছে। এই বিজেপিকে পরাস্ত করতেই হবে। তা না হলে এই দেশের সার্বভৌমত্ব ধরে রাখা যাবে না। দেশের মানুষের মধ্যে সম্প্রীতি নষ্ট হচ্ছে। তার জন্য সবাইকে বিভেদ ভুলে একজোট হতে আহ্বান করছি। কমন মিনিমাম প্রোগ্রাম তৈরি করে এমনভাবে এগোতে হবে যাতে বিজেপি ক্ষমতায় আসতে না পারে। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিরোধীদের দমাতে চাইছে।’







