বিনোদন

শতবর্ষে মহানায়ককে শ্রদ্ধা, টালিগঞ্জে উত্তমকুমারের মূর্তিতে মাল্যদান মুখ্যমন্ত্রীর

মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষে স্মৃতিমেদুর টালিগঞ্জ। ঐতিহাসিক এই দিনটিকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে মহানায়কের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলা চলচ্চিত্রে উত্তমকুমারের অবদানের কথা স্মরণ করে একাধিক কর্মসূচি পালনের বিষয়েও নির্দেশ দেন তিনি।

জন্মশতবর্ষের অনুষ্ঠানে টালিগঞ্জে একসঙ্গে দেখা গেল বাংলা সিনেমার একাধিক তারকাকে। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ, জিৎ ও দেব। পাশাপাশি অনুষ্ঠানে যোগ দেন ঋতুপর্ণা সেনগুপ্ত, গৌতম ঘোষ, রঞ্জিত মল্লিক-সহ চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিরা।

শুধু টালিগঞ্জের অনুষ্ঠানেই নয়, সোশ্যাল মিডিয়াতেও এদিন মহানায়ককে শ্রদ্ধা জানানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উত্তমকুমারের জন্মশতবর্ষ উপলক্ষে বাংলায় পোস্ট করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মুখ্যমন্ত্রীও নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে উত্তমকুমারকে বাংলার অন্যতম সাংস্কৃতিক আইকন হিসেবে উল্লেখ করেন।

পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, উত্তমকুমারের অভিনয়দক্ষতা, কালজয়ী আকর্ষণ এবং অনায়াস পর্দা উপস্থিতি বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রকে নতুন মাত্রা দিয়েছিল। তাঁর অভিনয় পরবর্তী প্রজন্মের শিল্পীদের অনুপ্রেরণা জুগিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অসংখ্য কালজয়ী ছবির মাধ্যমে সাধারণ মানুষের জীবনের নানা অনুভূতি ও গল্পকে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন উত্তমকুমার। তাঁর জনপ্রিয়তা ও অভিনয়ের নিজস্ব ঘরানা তাঁকে শুধু একজন অভিনেতা নয়, বাঙালির সাংস্কৃতিক স্মৃতির অবিচ্ছেদ্য অংশ করে তুলেছে।

জন্মশতবর্ষে সেই মহানায়কের স্মৃতিকে আরও বড় করে উদ্‌যাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর চলচ্চিত্র-জীবন, শিল্পসত্তা এবং বাংলা সিনেমায় অবদানকে সামনে রেখে আগামী দিনে বিভিন্ন কর্মসূচি পালনের পরিকল্পনাও রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.