প্রখ্যাত নৃত্যশিল্পী ও অভিনেত্রী মমতা শঙ্কর সম্প্রতি ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী-তে ভূষিত হলেন। এক দীর্ঘ, অনবদ্য শিল্পযাত্রার এই সরকারি স্বীকৃতি যেন শুধু তাঁর একার নয়, গোটা বাংলা সংস্কৃতিরই গর্বের বিষয়।
মৃণাল সেন, সত্যজিৎ রায়ের মতো চলচ্চিত্রকারদের সঙ্গে কাজ করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করা এই শিল্পীর পাশে সেই দিন ছিলো তাঁর পরিবার। পুত্র রাতুল শঙ্কর মায়ের পুরস্কারগ্রহণের মুহূর্তটি সামাজিক মাধ্যমে ভাগ করে নেন, যা দ্রুতই ভাইরাল হয়ে পড়ে।
তবে এই সম্মাননাকে ছাপিয়ে গেছে আরেকটি বিশেষ অভিজ্ঞতা—প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি বাংলায় কথোপকথন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজেই মমতা শঙ্করের দিকে এগিয়ে এসে বাংলায় বলেন, “কেমন আছেন? ভালো?” প্রধানমন্ত্রীর মুখে মাতৃভাষা শুনে অবাক ও আপ্লুত মমতা সঙ্গে সঙ্গে উত্তর দেন, “সাইরাম।” জবাবে প্রধানমন্ত্রীও বলেন, “সাইরাম।”
এই মুহূর্তটি মমতা শঙ্করের কাছে ছিল এক গভীর মানবিক সংযোগের প্রতীক। তিনি বলেন, “এই সম্মান শুধুমাত্র পুরস্কার নয়, এটি এক ভালোবাসার প্রকাশ। যে স্মৃতি আমি আজীবন বয়ে নিয়ে চলব।”
সংস্কৃতি, সৌজন্য আর শ্রদ্ধার এই অসাধারণ মিলন বাংলাকে যেমন সম্মানিত করেছে, তেমনই মমতা শঙ্করকে করে তুলেছে আরও একবার আমাদের অনুপ্রেরণার প্রতীক।







