দেশ

বায়ুসেনাকে বিদায় অভিনন্দন বর্তমানের! যোগ দিলেন বেসরকারি বিমান সংস্থায়, উঠছে নানা প্রশ্ন

ভারতীয় বায়ুসেনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ইতি টানলেন গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্তমান। বিশ্বস্ত সূত্রের খবর, তিনি এবার একটি বেসরকারি বিমান সংস্থায় যোগ দিয়েছেন। যদিও তাঁর সরকারি চাকরি ছাড়ার বিষয়ে ভারতীয় বায়ুসেনার তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

২০১৯ সালে বালাকোটে ভারতের বিমান হামলার পর পাকিস্তানের একটি এফ-১৬ যুদ্ধবিমানকে ভূপাতিত করার ঘটনায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছিলেন অভিনন্দন। এরপরই পাকিস্তানি সেনার হাতে বন্দি হন তিনি। বালাকোট অভিযানের পর তাঁর আটক হওয়ার ঘটনা কূটনৈতিক স্তরেও ব্যাপক গুরুত্ব পেয়েছিল। ভারতের তৎপরতায় শেষ পর্যন্ত তাঁকে মুক্তি দেওয়া হয়। পরে পাঞ্জাবের ওয়াঘা সীমান্তে আনুষ্ঠানিকভাবে অভিনন্দনকে ভারতের হাতে তুলে দেয় পাকিস্তান।

সূত্রের খবর, অভিনন্দন এবার গোয়ার বেসরকারি বিমান সংস্থা ‘ফ্লাই-৯১’-এ যোগ দিয়েছেন। সংস্থাটি মূলত ছোট আকারের বিমান পরিচালনা করে। তবে অভিনন্দন নিজে, ভারতীয় বায়ুসেনা কিংবা সংশ্লিষ্ট বিমান সংস্থার পক্ষ থেকে এখনও এই খবরের বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কী কারণে তিনি বায়ুসেনার চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেই বিষয়টিও স্পষ্ট নয়।

বায়ুসেনায় দক্ষ যুদ্ধবিমান চালক হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন অভিনন্দন। ফলে তাঁর মতো অভিজ্ঞ পাইলটের চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠছে। বিশেষ করে একজন দক্ষ যুদ্ধবিমান চালককে প্রশিক্ষিত করে তুলতে রাষ্ট্রের বিপুল অর্থ ব্যয় হয়। বালাকোট অভিযানে তাঁর ভূমিকার স্বীকৃতি হিসেবে ২০২১ সালে তাঁকে ভারতের তৃতীয় সর্বোচ্চ যুদ্ধকালীন বীরত্বের সম্মান ‘বীর চক্র’ দেওয়া হয়। অসাধারণ আকাশযুদ্ধের দক্ষতা ও ভূমিকার জন্যই তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়েছিল।

ভারতীয় বায়ুসেনায় থেকেই ভবিষ্যতে আরও উচ্চপদে যাওয়ার সুযোগ তাঁর সামনে ছিল বলেই মনে করা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে কেন তিনি বাহিনীর চাকরি ছেড়ে বেসরকারি বিমান সংস্থায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন, তা নিয়েই তৈরি হয়েছে কৌতূহল।

উল্লেখ্য, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামায় পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে ওঠে। এরই পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে জঙ্গি ঘাঁটিতে বিমান হামলা চালায় ভারত। সেই অভিযানের পর পাকিস্তানের সঙ্গে আকাশযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অভিনন্দন বর্তমান। তাঁর আটক হওয়ার ঘটনাই সেই সময় গোটা বিশ্বের নজর কেড়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.