দেশ

বাজেট অধিবেশন শুরু আজ, এসআইআর–মনরেগা ইস্যুতে সংসদে সরকারকে চাপে ফেলতে প্রস্তুত বিরোধীরা

আজ থেকে সংসদে শুরু হচ্ছে বাজেট অধিবেশন ২০২৬ (Budget Session 2026)। একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে কোণঠাসা করার প্রস্তুতি নিয়েই মাঠে নামছে বিরোধীরা। সেই ইঙ্গিত স্পষ্ট মিলেছে মঙ্গলবার অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকেই।

মঙ্গলবার সংসদ ভবনের কমিটি রুমে এই বৈঠকের আয়োজন করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উপস্থিত ছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু-সহ বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদরা। তৃণমূল কংগ্রেসের (TMC) পক্ষ থেকে বৈঠকে অংশ নেন লোকসভায় উপদলনেতা শতাব্দী রায় এবং রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ।

বৈঠকে তৃণমূল স্পষ্ট জানিয়ে দেয়, বাজেট অধিবেশনে তারা এসআইআর (SIR) প্রক্রিয়া এবং মনরেগা (MGNREGA)–সহ একাধিক ইস্যুতে প্রশ্ন তুলবে। বৈঠক শেষে সাগরিকা ঘোষ এক্স-এ (সাবেক টুইটার) লেখেন, এসআইআর প্রক্রিয়া, বাংলার বকেয়া কেন্দ্রীয় অর্থ, ভোটের মুখে কেন্দ্রীয় তদন্ত সংস্থার অপব্যবহার এবং বিরোধীদের বক্তব্য রাখার সুযোগ—এই সব বিষয় নিয়ে সংসদে আলোচনার দাবি জানিয়েছে তৃণমূল। তাঁর মন্তব্য, “সংসদ একমুখী রাস্তা নয়। এটি সরকারের বিজ্ঞপ্তি মঞ্চ নয়।”

তৃণমূলের সুরেই সরকারকে আক্রমণ শানান অন্যান্য বিরোধী দলের সাংসদরাও। কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারির অভিযোগ, “সংবিধান যে অধিকার দিয়েছে, সরকার তা কেড়ে নিচ্ছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করা হচ্ছে।”
আইইউএমএল সাংসদ ই টি মহম্মদ বশীর বলেন, “সংসদ আজ পরিহাসের জায়গা হয়ে দাঁড়িয়েছে। এসআইআর নিয়ে আলোচনা জরুরি।”
আপ সাংসদ সঞ্জয় সিং-ও এসআইআর প্রসঙ্গে সংসদে আলোচনা চান বলে জানান।

তবে কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু জানান, এসআইআর বা অন্য রাজনৈতিকভাবে সংবেদনশীল ইস্যু নিয়ে নতুন করে আলোচনার কোনও প্রয়োজন নেই। তাঁর কথায়, “গত অধিবেশনে নির্বাচনী সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেই বিতর্কে এসআইআর প্রসঙ্গও এসেছে। আবার এই দাবি তোলা অযৌক্তিক।”

উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি পেশ হবে কেন্দ্রীয় বাজেট। বাজেট অধিবেশনের প্রথম দফা চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় দফা শুরু হবে ৯ মার্চ থেকে, চলবে ২ এপ্রিল পর্যন্ত। অধিবেশন চলাকালীন বিরোধীদের রণকৌশল ঠিক করতে বুধবার সকালেই রাজ্যসভার বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়্গের দফতরে বৈঠকে বসছেন বিভিন্ন বিরোধী দলের শীর্ষ নেতারা।

এর মধ্যেই তাৎপর্যপূর্ণভাবে আজ দিল্লি সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেট অধিবেশন চলাকালীন তাঁর এই সফরকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সূত্রের খবর, সংসদে সরকারের কাছে কোন কোন প্রশ্ন তোলা হবে এবং কীভাবে আক্রমণ শানানো হবে, সে বিষয়ে দলের সাংসদদের স্পষ্ট দিকনির্দেশ দিতে পারেন তিনি। ফলে তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে সংসদের দুই কক্ষেই আলোচনার উত্তাপ আরও বাড়তে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.