দেশ

রাজঘাটে তৈরি হবে মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ, উদ্যোগ সিপিডব্লিউডির

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মরণে দিল্লির রাজঘাট চত্বরে তৈরি হতে চলেছে স্মৃতিসৌধ। এই উদ্যোগে ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ শুরু করেছে ভারত সরকারের কেন্দ্রীয় গণপূর্ত দপ্তর বা সিপিডব্লিউডি। সম্প্রতি এই সংক্রান্ত সরকারি প্রস্তাবেও সম্মতি দিয়েছে দিল্লির আর্ট কাউন্সিল।

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং দু’বার প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। তার আগে দীর্ঘ সময় দেশের অর্থমন্ত্রী হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। তবে তাঁর রাজনৈতিক পরিচয়ের আগে তিনি ছিলেন একজন অর্থনীতিবিদ এবং অর্থনীতির অধ্যাপক। ২০২৪ সালের ২৬ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।

স্মৃতিসৌধ নির্মাণের ক্ষেত্রে বেশ কিছু নির্দিষ্ট নির্দেশ দিয়েছে দিল্লির আর্ট কাউন্সিল। সিপিডব্লিউডিকে জানানো হয়েছে, রাজঘাট এলাকায় থাকা অন্যান্য প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধের সঙ্গে সামঞ্জস্য রেখেই মনমোহন সিংয়ের স্মৃতিসৌধের নকশা ও নির্মাণ করতে হবে। এলাকার পরিবেশ ও স্থাপত্যের সঙ্গে বেমানান কোনও অভিনব নির্মাণশৈলী ব্যবহার করা যাবে না।

এছাড়াও নির্ধারিত জমিতে থাকা সমস্ত গাছপালা সংরক্ষণ করেই নির্মাণকাজ করতে হবে। স্মৃতিসৌধ তৈরিতে কী ধরনের নির্মাণসামগ্রী ব্যবহার করা হবে, সেই বিষয়েও নির্দিষ্ট নির্দেশ দিয়েছে দিল্লির আর্ট কাউন্সিল।

২০০৪ সালে দেশের প্রধানমন্ত্রী হওয়ার আগে ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত পি ভি নরসিংহ রাওয়ের নেতৃত্বাধীন সরকারের অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিং। এখনও পর্যন্ত তিনিই ভারতের একমাত্র শিখ প্রধানমন্ত্রী এবং সংখ্যালঘু সম্প্রদায় থেকে উঠে আসা একমাত্র ব্যক্তি যিনি দেশের প্রধানমন্ত্রীর পদে বসেছেন। অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছিলেন।

অর্থমন্ত্রী হিসেবে মনমোহন সিংয়ের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান ছিল ভারতের অর্থনীতিতে উদারীকরণের পথ খুলে দেওয়া। ১৯৯১ সালের ২৪ জুলাই তাঁর প্রথম বাজেট ভাষণে তিনি দেশের জন্য নতুন অর্থনৈতিক নীতির রূপরেখা তুলে ধরেন। উদারীকরণ, বিলগ্নীকরণ এবং বিশ্বায়ন ছিল সেই নীতির মূল ভিত্তি। এই ঐতিহাসিক পদক্ষেপের কারণে অর্থনীতিবিদদের একাংশ ২৪ জুলাইকে ভারতের ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ বলেও অভিহিত করেন।

প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দুই দফার মেয়াদেও একাধিক গুরুত্বপূর্ণ আইন ও নীতি কার্যকর হয়। তথ্য জানার অধিকার আইন, শিক্ষার অধিকার আইন এবং খাদ্য সুরক্ষা আইনের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ তাঁর সরকারের আমলেই নেওয়া হয়।

তবে মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ তৈরির উদ্যোগের পাশাপাশি ফের সামনে এসেছে আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিংহ রাওয়ের প্রসঙ্গ। কংগ্রেস নেতৃত্বাধীন তৎকালীন ইউপিএ সরকার এবং বর্তমানে বিজেপি নেতৃত্বাধীন সরকার—দুই আমলেই দিল্লিতে রাওয়ের স্মৃতিসৌধ তৈরির প্রস্তাব কার্যকর হয়নি। এমনকি তাঁর শেষকৃত্যও দিল্লিতে করা হয়নি।

বাবরি মসজিদ ধ্বংসের সময় প্রধানমন্ত্রী হিসেবে নরসিংহ রাওয়ের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। সেই কারণেই দিল্লিতে তাঁর স্মৃতিসৌধ তৈরির ক্ষেত্রে কোনও সরকারই বিশেষ উদ্যোগ দেখায়নি বলে অভিযোগ। অথচ ১৯৯১ সালে দেশের অর্থনীতিকে উদারীকরণের পথে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নরসিংহ রাওয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাঁরই সমর্থন ও উৎসাহে অর্থমন্ত্রী মনমোহন সিং সেই ঐতিহাসিক অর্থনৈতিক সংস্কারের পথে এগিয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.