গরম পড়লেই বাঙালির পাতে হাজির হয় আম। কিন্তু এই প্রিয় ফল খাওয়ার সময়ই অনেকেই করে ফেলেন ছোট্ট কিছু ভুল—বিশেষ করে খাবারের ঠিক পরেই আম খাওয়া নিয়ে রয়েছে নানা প্রশ্ন।
বিশেষজ্ঞদের মতে, খাবারের পর আম খাওয়া সরাসরি বিপজ্জনক নয়, তবে এতে হজমের সমস্যা হতে পারে। আমে প্রাকৃতিক শর্করা বেশি থাকায় ভরপেট খাবারের পর এটি খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যেতে পারে। ফলে যাদের ডায়াবেটিস বা ইনসুলিন সংক্রান্ত সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে ঝুঁকি বাড়তে পারে।
ডায়েটিশিয়ানদের পরামর্শ, ফল খাওয়ার সঠিক সময় খুবই গুরুত্বপূর্ণ। খাবারের অন্তত ৩০-৬০ মিনিট আগে বা খাবারের ১.৫–২ ঘণ্টা পরে আম খাওয়াই সবচেয়ে ভালো। এতে হজমও ভালো থাকে এবং শরীর পুষ্টিও সঠিকভাবে গ্রহণ করতে পারে।
এছাড়া, আম খাওয়ার সময় আরও কিছু বিষয় মাথায় রাখা জরুরি। যেমন—আম খাওয়ার পরপরই জল পান না করা, অতিরিক্ত আম না খাওয়া এবং আমের রসের বদলে কেটে খাওয়াই বেশি উপকারী।







