রাজ্য

জামিনের আবেদন নয়, সুমিতের জন্য আদালতে বিশেষ আবেদন! ৮ দিনের CID হেফাজতের নির্দেশ

শালবনি জমি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে ৮ দিনের CID হেফাজতে পাঠাল মেদিনীপুর আদালত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পরই তাঁকে কলকাতা থেকে গ্রেফতার করে CID। শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হয়।

আদালতে সুমিতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে CID। তদন্তকারীদের দাবি, শালবনি জমি সংক্রান্ত অভিযোগের তদন্তে সুমিতের ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন। এর আগে তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদও করা হয়েছিল বলে জানা গিয়েছে।

তবে এ দিনের শুনানিতে সুমিত রায়ের আইনজীবী জামিনের আবেদন করেননি। বদলে তাঁর শারীরিক সমস্যার কথা আদালতের সামনে তুলে ধরেন। আইনজীবীর দাবি, সুমিতের স্লিপ অ্যাপনিয়া রয়েছে এবং ঘুমের সময় শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে বিশেষ যন্ত্র ব্যবহার করতে হয়। CID হেফাজতেও যাতে ওই যন্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়, সেই আবেদন জানান তিনি।

পাশাপাশি, সপ্তাহে অন্তত এক দিন আইনজীবীর সঙ্গে সুমিতকে দেখা করার অনুমতি দেওয়ার আবেদনও করা হয়। বিচারক দু’টি বিষয় নিয়ে পৃথক আবেদন করার পরামর্শ দেন বলে জানা গিয়েছে।

দু’পক্ষের বক্তব্য শোনার পর আদালত সুমিত রায়কে আট দিনের CID হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।

এই মামলায় তদন্তের আর্থিক দিকও খতিয়ে দেখছে CID। শালবনি জমি মামলায় ইতিমধ্যেই প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরার বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে। তবে সেই চার্জশিটে সুমিত রায়ের নাম ছিল না; তাঁর বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়ার আবেদন করেছিল CID এবং পরবর্তী পর্যায়ে অতিরিক্ত চার্জশিট দেওয়ার সম্ভাবনার কথাও জানা গিয়েছিল।

এখন CID হেফাজতে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জমি সংক্রান্ত লেনদেন, অভিযুক্তদের পারস্পরিক যোগাযোগ এবং আর্থিক লেনদেনের সূত্রগুলি খতিয়ে দেখা হবে বলে তদন্তকারীদের সূত্রে খবর। আদালতে ওঠা অভিযোগগুলির সত্যতা অবশ্য তদন্ত ও বিচারপ্রক্রিয়াতেই নির্ধারিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.