পুজোর আগে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে পরীক্ষা। তার আগেই শিক্ষক ও শিক্ষাকর্মীদের ছুটি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষার সময়ে যাতে কোনও ধরনের সমস্যা বা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন না ওঠে, সে বিষয়েই একাধিক নিয়ম জানানো হয়েছে।
সংসদের নির্দেশিকা অনুযায়ী, তৃতীয় সেমিস্টারের পরীক্ষা চলাকালীন কোনও শিক্ষক বা শিক্ষাকর্মীর ছুটি মঞ্জুর করার আগে সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসের আগাম অনুমতি নিতে হবে। অর্থাৎ পরীক্ষা চলাকালীন ইচ্ছেমতো ছুটি নেওয়ার সুযোগ থাকছে না।
এছাড়াও সরকারি বা আধা-সরকারি চাকরিতে থাকা কোনও দম্পতির দু’জনেই যদি শিক্ষক বা আধিকারিক হন, তাহলে পরীক্ষার সময় তাঁদের মধ্যে শুধুমাত্র একজন ছুটি নিতে পারবেন। ছুটির আবেদনের সঙ্গে এই সংক্রান্ত যথাযথ অঙ্গীকারপত্রও জমা দিতে হবে।
পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম জানানো হয়েছে। কোনও শিক্ষক বা শিক্ষাকর্মীর কর্মস্থল যদি পরীক্ষাকেন্দ্র হয় এবং তাঁর নিজের ছেলে বা মেয়ে সেই কেন্দ্রেই পরীক্ষায় বসে, তাহলে ওই শিক্ষক বা শিক্ষাকর্মীকে পরীক্ষার কোনও দায়িত্ব দেওয়া যাবে না। পরীক্ষার সময় তাঁকে পরীক্ষার যাবতীয় দায়িত্ব থেকে আলাদা থাকতে হবে।
বদল পরীক্ষার কয়েকটি তারিখেও
শুধু শিক্ষক-শিক্ষাকর্মীদের ছুটি নয়, তৃতীয় সেমিস্টারের কয়েকটি পরীক্ষার সূচিতেও পরিবর্তন করা হয়েছে। ৬ অক্টোবরের ডেটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, সমাজবিদ্যা এবং ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার পরীক্ষা পিছিয়ে ১২ অক্টোবর করা হয়েছে।
অন্যদিকে, ৭ অক্টোবরের রাষ্ট্রবিজ্ঞান, বায়োলজিক্যাল সায়েন্স এবং কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের পরীক্ষা হবে ১৪ অক্টোবর। ফলে পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সংশোধিত সূচি অনুযায়ী প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।







