পরীক্ষার চাপ কমানো থেকে মূল্যায়ন পদ্ধতিতে বদল—দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের ভাবনা চলছে। এই পরিস্থিতিতে পরীক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও পড়ুয়া-বান্ধব করে তুলতে রাজ্যের স্কুলগুলির মতামত চাইল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রধানদের কাছে একাধিক বিষয়ে প্রস্তাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রস্তাব চাওয়ার তালিকায় রয়েছে কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা চালুর সম্ভাবনা। কোনও স্কুলে প্রয়োজনীয় কম্পিউটার, পরীক্ষাগার এবং পর্যাপ্ত ইন্টারনেট পরিষেবা রয়েছে কি না, সেই পরিকাঠামোর বিষয়টিও গুরুত্ব দিয়ে জানতে চাওয়া হয়েছে। ভবিষ্যতে পরীক্ষা পদ্ধতিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হলে স্কুলগুলির প্রস্তুতি কতটা, তা এই মতামতের মাধ্যমে বোঝার চেষ্টা করা হবে।
একাধিকবার পরীক্ষায় বসার সুযোগ নিয়েও আলোচনা
পরীক্ষার সঙ্গে যুক্ত মানসিক চাপ ও পরীক্ষা-ভীতি কমানো নিয়েও স্কুলগুলির পরামর্শ চাওয়া হয়েছে। পাশাপাশি পড়ুয়াদের একাধিকবার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া যায় কি না, সেই বিষয়েও মতামত দিতে বলা হয়েছে।
বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য পরীক্ষাকেন্দ্রে কী ধরনের অতিরিক্ত ব্যবস্থা প্রয়োজন, সেটিও আলোচনার মধ্যে রাখা হয়েছে। এর পাশাপাশি পরীক্ষার সময়সূচি বা অ্যাকাডেমিক ক্যালেন্ডার, দক্ষতা-ভিত্তিক শিক্ষা ও মূল্যায়ন এবং আঞ্চলিক ভাষায় পরীক্ষা নেওয়ার বিষয়েও প্রস্তাব চাওয়া হয়েছে।
বদল আসতে পারে মূল্যায়নেও
বোর্ড পরীক্ষার নম্বর ভবিষ্যতে পড়ুয়াদের মূল্যায়ন বা পরবর্তী শিক্ষার ক্ষেত্রে কতটা গুরুত্ব পাবে, সেই প্রশ্নও রাখা হয়েছে। প্রশ্নপত্র তৈরির কাজে শিক্ষকদের আরও বেশি যুক্ত করা, স্কুলগুলিকেই পরীক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহার এবং কম্পিউটার ল্যাবকে পরীক্ষার আগে অনুশীলনের কাজে ব্যবহারের মতো বিষয়েও মতামত চেয়েছে সংসদ।
পড়ুয়াদের ভবিষ্যৎ পেশা বেছে নেওয়ার ক্ষেত্রে ক্যারিয়ার কাউন্সেলিংয়ের ব্যবস্থা কীভাবে আরও কার্যকর করা যায়, সেই বিষয়েও শিক্ষা প্রতিষ্ঠানগুলির কাছ থেকে প্রস্তাব নেওয়া হবে।
স্কুলগুলির কাছ থেকে পাওয়া সমস্ত মতামত পর্যালোচনা করে রাজ্যের পক্ষ থেকে কেন্দ্রের হাই-পাওয়ার্ড টাস্ক ফোর্সের কাছে প্রতিক্রিয়া পাঠানোর সময় সেগুলি বিবেচনায় নেওয়া হবে। ফলে আগামী দিনে পরীক্ষার ধরন, মূল্যায়ন এবং পরীক্ষার্থীদের সুযোগ-সুবিধায় কী ধরনের পরিবর্তন আসে, সে দিকেই নজর থাকছে।







