উচ্চ রক্তচাপ এমন একটি সমস্যা, যা অনেক সময় কোনও স্পষ্ট লক্ষণ ছাড়াই শরীরে ক্ষতি করে যেতে পারে। দীর্ঘদিন রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে হৃদ্যন্ত্র, মস্তিষ্ক ও রক্তনালিতে নানা জটিলতার ঝুঁকি বাড়ে। তাই কিছু নির্দিষ্ট উপসর্গ দেখা দিলে সেটিকে সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে যাওয়া ঠিক নয়।
চিকিৎসক এস এ মল্লিকের পরামর্শ অনুযায়ী, উচ্চ রক্তচাপের রোগীদের কয়েকটি লক্ষণের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকা প্রয়োজন।
বুকে ব্যথা বা চাপ অনুভব?
বুকে ব্যথা হলেই গ্যাসের সমস্যা ধরে নেওয়া ঠিক নয়। বুকের মাঝখানে চাপ বা অস্বস্তি, বিশেষ করে তার সঙ্গে ঘাম, বমি বমি ভাব কিংবা শ্বাসকষ্ট থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ প্রয়োজন। এই ধরনের উপসর্গ হৃদ্যন্ত্রের সমস্যার সঙ্গে সম্পর্কিত হতে পারে।
হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে?
শ্বাসকষ্ট বারবার হলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার। দুর্বলতা বা অ্যালার্জি ভেবে বিষয়টি এড়িয়ে না গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কিছু ক্ষেত্রে হৃদ্যন্ত্রের সমস্যার সঙ্গেও শ্বাসকষ্টের যোগ থাকতে পারে।
অকারণে বুক ধড়ফড় করছে?
হঠাৎ হৃদ্স্পন্দন বেড়ে যাওয়া বা অনিয়মিতভাবে বুক ধড়ফড় করার সমস্যা থাকলে পরীক্ষা করানো প্রয়োজন হতে পারে। চিকিৎসক পরিস্থিতি অনুযায়ী ECG, ইকো বা Holter monitoring-এর পরামর্শ দিতে পারেন।
মাথা ঘোরা বা জ্ঞান হারানো
উচ্চ রক্তচাপের রোগীর বারবার মাথা ঘোরা, ভারসাম্য হারানো বা অজ্ঞান হয়ে যাওয়াকে সাধারণ সমস্যা বলে ধরে নেওয়া উচিত নয়। বিশেষ করে নিয়মিত ওষুধ খাওয়ার পরও এমন হলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা দরকার।
হঠাৎ দুর্বলতা, কথা জড়িয়ে যাওয়া বা মুখ বেঁকে যাওয়া
এই লক্ষণগুলি সবচেয়ে বেশি গুরুত্বের। শরীরের এক পাশ দুর্বল বা অবশ হয়ে যাওয়া, কথা অস্পষ্ট হয়ে যাওয়া, মুখের এক পাশ বেঁকে যাওয়া কিংবা হঠাৎ দৃষ্টির সমস্যা—এগুলি স্ট্রোকের সতর্ক সংকেত হতে পারে। এমন পরিস্থিতিতে অপেক্ষা না করে জরুরি চিকিৎসা নেওয়া প্রয়োজন।
মনে রাখবেন, শুধু উপসর্গের উপর নির্ভর করে উচ্চ রক্তচাপ বা হৃদ্রোগের কারণ নির্ণয় করা যায় না। নিয়মিত রক্তচাপ পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চালিয়ে যাওয়া জরুরি।







