ভ্যাপসা গরমে অস্বস্তির মধ্যেই স্বস্তির বার্তা হাওয়া অফিসের। বুধবার দুপুরের পর থেকেই বদলাতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া। শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দুপুর থেকে সন্ধ্যার মধ্যে কলকাতায় বৃষ্টি হতে পারে। কোথাও হালকা, আবার কোথাও মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎও দেখা যেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।
তবে দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলায়। মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের এক-দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের পরিস্থিতি আজ কিছুটা আলাদা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
এছাড়াও উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বুধবার দুপুরের পর কলকাতা-সহ বাংলার একাধিক জেলায় ফের বদলাতে চলেছে আবহাওয়ার মেজাজ।







