চাকরি

পুজোর আগেই সুখবর! একসঙ্গে আড়াই লক্ষের বেশি কর্মসংস্থানের ঘোষণা ফ্লিপকার্টের, বড় সুযোগ তরুণদের

উৎসবের মরশুমের আগে চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর। পুজো ও আসন্ন উৎসবের সময় অনলাইন কেনাকাটার বাড়তি চাপ সামলাতে দেশজুড়ে আড়াই লক্ষের বেশি কর্মসংস্থানের ঘোষণা করল ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট। সংস্থার পরিকল্পনায় সরাসরি নিয়োগের পাশাপাশি গিগ ওয়ার্কার এবং পরোক্ষ কর্মসংস্থানের সুযোগও রয়েছে।

ফ্লিপকার্টের দেওয়া তথ্য অনুযায়ী, মোট নিয়োগের প্রায় ৬০ শতাংশ তৈরি হবে লাস্ট-মাইল ডেলিভারি ক্ষেত্রে। অর্থাৎ, গ্রাহকের বাড়িতে পণ্য পৌঁছে দেওয়ার কাজে বিপুল সংখ্যক কর্মীর প্রয়োজন হবে। এই পরিকাঠামো শক্তিশালী করতে দেশের বিভিন্ন প্রান্তে ৯০০টিরও বেশি নতুন ডেলিভারি হাব চালুর পরিকল্পনা রয়েছে। এর ফলে শুধুমাত্র লাস্ট-মাইল ডেলিভারিতেই প্রায় ১.৪ লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবে ফ্লিপকার্টের ইকার্ট নেটওয়ার্কের ৭,০০০-এর বেশি পরিষেবা কেন্দ্র। ফুলফিলমেন্ট সেন্টার, সর্টেশন হাব এবং ডেলিভারি অপারেশনসের মতো বিভিন্ন স্তরে কর্মী নিয়োগ করা হবে।

ছোট শহরেও বাড়ছে কাজের সুযোগ

ফ্লিপকার্ট জানিয়েছে, টায়ার-২ এবং টায়ার-৩ শহরে অনলাইন কেনাকাটার চাহিদা বাড়ার কারণেই সরবরাহ ব্যবস্থা আরও সম্প্রসারণ করা হচ্ছে। পাশাপাশি দ্রুত ডেলিভারি পরিষেবা ‘ফ্লিপকার্ট মিনিটস’-এর ব্যবসা বৃদ্ধিও এই নিয়োগের অন্যতম কারণ।

নতুন কর্মসংস্থানের প্রায় ৩০ শতাংশ, অর্থাৎ আনুমানিক ৭৫ হাজার সুযোগ তৈরি হতে পারে এমন ব্যক্তিদের জন্য, যাঁরা প্রথমবার কর্মজগতে প্রবেশ করছেন। ফলে অভিজ্ঞতার অভাবে যারা এতদিন চাকরির বাজারে পিছিয়ে ছিলেন, তাঁদের জন্যও সুযোগ তৈরি হচ্ছে।

মহিলা ও বিশেষভাবে সক্ষমদের উপর নজর

নিয়োগের পাশাপাশি দক্ষতা বৃদ্ধির দিকেও জোর দিচ্ছে সংস্থা। ফ্লিপকার্টের দাবি, তাদের সাপ্লাই চেইন কর্মীদের ২০ শতাংশের বেশি মহিলা। ওয়্যারহাউস ও ডেলিভারি অপারেশনেও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অংশগ্রহণ বাড়ছে।

উৎসবের মরশুমের আগে সাপ্লাই চেইন অপারেশনস অ্যাকাডেমির মাধ্যমে প্রায় ১০ হাজার সার্টিফিকেট দেওয়া হয়েছে বলেও জানিয়েছে সংস্থা। এই প্রশিক্ষণে সাপ্লাই চেইন পরিচালনার বিভিন্ন বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়।

ফ্লিপকার্টের কর্তাদের বক্তব্য, উৎসবের মরশুমে অনলাইন কেনাকাটা বাড়লে শুধু ই-কমার্স নয়, তার সঙ্গে যুক্ত ডেলিভারি, লজিস্টিক্স ও অন্যান্য পরিষেবা ক্ষেত্রেও কর্মসংস্থানের সুযোগ বাড়ে। সেই চাহিদা মাথায় রেখেই এ বারের বড়সড় নিয়োগ পরিকল্পনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.