দুর্গাপুজোর আগে রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বড় ঘোষণা। দীর্ঘদিনের কর্মী ঘাটতি সামাল দিতে দমকল বিভাগে প্রায় আড়াই হাজার স্থায়ী কর্মী নিয়োগের পরিকল্পনা জানিয়েছে রাজ্য সরকার। দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী জানিয়েছেন, যত দ্রুত সম্ভব নতুন কর্মীদের কাজে যুক্ত করার প্রক্রিয়া শুরু হবে। পাশাপাশি নতুন ফায়ার ইঞ্জিন চালানোর জন্য প্রায় ৩৫০ জন চালক নিয়োগের কথাও জানানো হয়েছে।
শুধু কর্মী নিয়োগ নয়, পুজোর আগে অগ্নিনিরাপত্তা নিয়েও জোর দেওয়া হচ্ছে। রাজ্যজুড়ে প্রায় ৬০ হাজার পুজো হয়। কলকাতাতেও প্রায় ৯৮৬টি পুজোর আবেদন জমা পড়েছে বলে দমকল দফতর সূত্রে জানা গিয়েছে। বুধবার থেকেই কলকাতা এবং জেলার গুরুত্বপূর্ণ পুজোমণ্ডপগুলিতে শুরু হয়েছে দমকল আধিকারিকদের পরিদর্শন।
মণ্ডপে ঢোকা ও বেরনোর রাস্তা, দর্শনার্থীদের চলাচল, ব্যবহৃত কাপড় ও অন্যান্য দাহ্য সামগ্রীর নিরাপত্তা—সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয়, কোনও ছোটখাটো আগুন লাগলে প্রাথমিকভাবে কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায়, সেই বিষয়ে পুজো উদ্যোক্তাদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।
পুজোর সময়ে দমকলকর্মীদের ছুটিও বাতিল করা হয়েছে। কলকাতার পাশাপাশি শপিং মল ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানেও চলছে বিশেষ ফায়ার সেফটি অডিট। নির্মাণকাজ-সহ একাধিক ক্ষেত্রেও নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করা হচ্ছে।
এদিকে দমকলের পরিকাঠামো আরও শক্তিশালী করতে প্রায় ২৫০টি নতুন ফায়ার সার্ভিস ভেহিকেল নামানোর পরিকল্পনা রয়েছে। সরু ও ব্যস্ত রাস্তায় ব্যবহারের জন্য ছোট গাড়ির পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বড় গাড়িও বিভিন্ন ফায়ার স্টেশনে মোতায়েন করা হবে।
পুজোর ভিড় সামলাতে শুধু অগ্নিনিরাপত্তার কাজে স্বেচ্ছাসেবকদের যুক্ত করার আবেদনও জানানো হয়েছে। সব মিলিয়ে একদিকে পুজোর নিরাপত্তা জোরদার করার প্রস্তুতি, অন্যদিকে দমকল বিভাগে বড় নিয়োগের পরিকল্পনা—দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ পদক্ষেপের পথে রাজ্য।







