পশ্চিম মেদিনীপুরের শালবনী জমি মামলার তদন্তে এবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসেছে বলে সূত্রের দাবি। আট দিনের CID হেফাজতে থাকাকালীন সুমিত রায়কে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সেই সময় তাঁর জবানবন্দিও রেকর্ড করা হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের দাবি, তদন্তকারীদের কাছে সুমিত জানিয়েছেন, তিনি যা করেছেন, তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই।
BNSS-এর ১৮০ ধারায় রেকর্ড হওয়া জবানবন্দিতে সুমিত রায় নাকি দাবি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর কোষাধ্যক্ষের নির্দেশেই তিনি একটি ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করেছিলেন। যদিও এই দাবি নিয়ে তদন্ত এখনও চলছে এবং অভিযোগের সত্যতা আদালতে প্রমাণিত হয়নি।
সরকারি আইনজীবীর বক্তব্য, হেফাজতে থাকাকালীন সুমিত রায় সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তদন্তকারীদের হাতে এসেছে। তাঁর ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। জামিনের আবেদন করা হলেও তা মঞ্জুর হয়নি। আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত CID হেফাজতেই থাকবেন তিনি।
শালবনীর জমি দুর্নীতি মামলাতেই সুমিত রায়কে গ্রেফতার করা হয়েছে। তদন্তে তাঁর অ্যাকাউন্টে প্রায় ১৫ কোটি টাকার লেনদেনের তথ্য সামনে এসেছিল বলে তদন্তকারীদের দাবি। সেই বিপুল অর্থের উৎস কী, এই মামলায় আরও কোনও প্রভাবশালী ব্যক্তি জড়িত কি না—তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এর আগে দীর্ঘ সময় নিখোঁজ ছিলেন সুমিত রায়। তাঁর সন্ধানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল শালবনী থানার পুলিশ। তবে সেখানে সুমিতের সন্ধান মেলেনি। পরে তাঁকে গ্রেফতার করা হয়। সম্প্রতি তৎকালীন তৃণমূল ছাত্র পরিষদের একটি অনুষ্ঠানেও তাঁকে দেখা গিয়েছিল বলে জানা যায়।
শালবনী জমি মামলায় সুমিতের বিরুদ্ধে তদন্ত ইতিমধ্যেই একাধিক পর্যায়ে গড়িয়েছে। CID-এর সাম্প্রতিক চার্জশিটেও তাঁর নাম রয়েছে এবং তদন্তকারীরা তাঁর ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ তুলেছেন।







