হাওড়া: প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হাওড়ার বাগনানের মানকুর মোড় এলাকায়। নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে রবিবার বিকেলে বিক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বাগনান থানার পুলিশ।
মৃতের নাম অনন্যা মণ্ডল। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে প্রসব যন্ত্রণা নিয়ে মানকুর মোড়ের ওই নার্সিংহোমে ভর্তি হন তিনি। চিকিৎসক তিয়াসা মণ্ডলের অধীনে তাঁর চিকিৎসা চলছিল বলে পরিবারের দাবি।
রবিবার ভোর পাঁচটা নাগাদ পুত্রসন্তানের জন্ম দেন অনন্যা। পরিবারের অভিযোগ, সন্তান জন্মের পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। সেই সময় প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা পাওয়া যায়নি বলেও অভিযোগ পরিবারের। এমনকি, চিকিৎসকের পরিবর্তে নার্সের মাধ্যমে ভুল পদ্ধতিতে প্রসব করানোর অভিযোগও তুলেছেন মৃতের আত্মীয়রা।
এরপর অনন্যার মৃত্যু ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রবিবার বিকেলে নার্সিংহোমের সামনে জড়ো হন মৃতের আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দারা। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে শুরু হয় বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বাগনান থানার পুলিশ।
অন্যদিকে, সদ্যোজাত শিশুটিও সংকটজনক অবস্থায় রয়েছে বলে জানা গিয়েছে। তাকে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাগনান থানার পুলিশ। নার্সিংহোমের মালিক ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিবারের আনা অভিযোগের সত্যতা এবং প্রসূতির মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পরই স্পষ্ট হবে।
ঘটনাকে ঘিরে এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে।







