রাজনীতি

ভোটের আগেও জেলমুক্তি নয় মিলন প্রধানের, ৭ অক্টোবর পর্যন্ত জেল হেফাজত

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে জেলমুক্তি হল না কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন। কিন্তু ভোটের দিনও জেলেই থাকতে হবে তাঁকে। মিলন প্রধানের জেল হেফাজতের মেয়াদ বাড়িয়ে ৭ অক্টোবর পর্যন্ত করেছে কাঁথি মহকুমা আদালত।

উল্লেখ্য, পুরনো একটি খুনের মামলায় গ্রেপ্তার করা হয়েছিল নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে। তবে যে মামলায় তিনি বর্তমানে জেলে রয়েছেন, সেটি বাদ দিয়ে তাঁর বিরুদ্ধে থাকা বাকি মামলাগুলি প্রত্যাহার করে নিয়েছে রাজ্য। মঙ্গলবার কলকাতা হাই কোর্টে এই বিষয়টি জানায় রাজ্য সরকার। এরপরই জামিনের আবেদন নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন মিলন প্রধান।

বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটি দ্রুত শুনানির জন্য আবেদন জানান তাঁর আইনজীবী। ভোটের দিন এগিয়ে আসায় দ্রুত জামিনের আবেদনটির শুনানি প্রয়োজন বলে আদালতে যুক্তি দেওয়া হয়। তবে সেই আবেদন খারিজ করে দেয় হাই কোর্ট। ফলে উপনির্বাচনের আগে মিলন প্রধানের জেলমুক্তির সম্ভাবনা আপাতত থাকল না।

গত সপ্তাহে পুরনো খুনের মামলায় গ্রেপ্তার করা হয় মিলন প্রধানকে। জোড়া মামলায় আগামী ৫ অক্টোবর পর্যন্ত তাঁর জেল হেফাজতের নির্দেশ ছিল। কিন্তু জামিনের আবেদন খারিজ হওয়ার পর ফের তাঁর হেফাজতের মেয়াদ বাড়ানো হয়। আদালতের নির্দেশ অনুযায়ী, ৭ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে তাঁকে।

এর আগে সোমবার মিলন প্রধানের আইনজীবী অয়ন ভট্টাচার্য হাই কোর্টে আবেদন করে জানিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে থাকা আরও পাঁচটি মামলায় যাতে ‘শোন অ্যারেস্ট’ করা না হয়, সেই মর্মে রক্ষাকবচ দেওয়া হোক।

জানা যায়, ২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলন এবং পরবর্তী সময় মিলন প্রধানের বিরুদ্ধে মোট ১১টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। এর মধ্যে দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সেই মামলাগুলির মধ্যে একটি মামলাতেই বর্তমানে জেলবন্দি রয়েছেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.