আমহার্স্ট স্ট্রিট থানায় এক যুবকের মৃত্যুকে ঘিরে পুলিসের বিরুদ্ধে অভিযোগের তীর নিহতের পরিবারের। এর প্রেক্ষিতে গতকাল কলেজস্ট্রিটে অবরোধ করে বঙ্গ বিজেপি। এবার এই নিয়ে সরব হলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।
বৃহস্পতিবার সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন দিলীপ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর উবাচ, ‘পশ্চিমবঙ্গে পুলিসের কাজকর্ম ক্রমশ খুব বিতর্কিত হয়ে যাচ্ছে। এমনিতেই পুলিসকে নিয়ে চিন্তা আছে। সিপিএম আমলে পুলিসকে ব্যবহার করা হত। কিন্তু এখন গোটাটাই পুলিস করছে। তৃণমূল পার্টি বলে কিছু নেই। পুলিস টাকা তুলে দিচ্ছে। বিরোধীদের ঠাণ্ডা করছে। ফলে তাদের ওপর কোনও কন্ট্রোল নেই। যেখানে গণ প্রহারে লোক মরছে সেখানে পুলিসের দেখা নেই। যেখানে গুলি চলছে, পুলিস দাঁড়িয়ে দেখছে। ঘরবাড়িতে আগুন লাগানো হচ্ছে, পুলিসের কোনো অ্যাকশন নেই, তাদের সামনে।’
দিলীপের আরও সংযোজন, ‘আর এখানে, কার মোবাইল চুরি হয়েছে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই লোককে ডেকে থানায় পিটিয়ে মেরে ফেলা হচ্ছে? পুলিস কি মানবতা হারিয়ে ফেলেছে? এর পিছনে কী রহস্য? তদন্ত হওয়া প্রয়োজন। মানুষ ভয়ে আছে। দুষ্কৃকারীদের থেকে বাঁচতে মানুষ পুলিসের কাছে যায়। পুলিশ যদি এরকম অত্যাচার করে, তাহলে মানুষ কোথায় যাবে?’ ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনীতিজুড়ে।







