রাজনীতি

আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু ঘিরে বিস্ফোরক অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি ঋতব্রতর

রাজ্য রাজনীতিতে বর্ষীয়ান তৃণমূল নেতা তথা দলের জাতীয় কার্যসমিতির সদস্য অধ্যাপক ডঃ আশিস কুমার বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যু ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য ক্রমেই বাড়ছে। গত ১৬ অগস্ট তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর থেকেই ঘটনাটি ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

এই পরিস্থিতিতে ১৭ অগস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখে জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি ঘটনার পূর্ণাঙ্গ, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি তুলেছেন।

ঋতব্রতর অভিযোগ, তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদ (TRDA)-এর টেন্ডার সংক্রান্ত কোনও বিষয়কে কেন্দ্র করে আশিস বন্দ্যোপাধ্যায় কোনও ধরনের হুমকি, চাপ বা মানসিক হয়রানির মুখে পড়েছিলেন কি না, তা খতিয়ে দেখা জরুরি। পাশাপাশি রাজ্যের বিভিন্ন উন্নয়ন পর্ষদের টেন্ডার বণ্টন নিয়েও স্বজনপোষণ ও প্রভাবশালী মহলের হস্তক্ষেপের অভিযোগের তদন্ত দাবি করেছেন তিনি।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, সম্প্রতি প্রকাশ্যে আশিস বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার ঘটনার কথাও। অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

ঘটনাটি দুর্ঘটনা, নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে—তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে। বিরোধী দলনেতার চিঠির পর প্রশাসন ও শাসক দলের তরফে কী প্রতিক্রিয়া আসে, এখন সেদিকেই নজর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.