রাজ্যে বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে পুরুলিয়ার রঘুনাথপুরে ‘অমিত মেটালিকস’-এর পরিবেশবান্ধব গ্রিনফিল্ড শিল্প প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় ৪,০০০ কোটি টাকার এই প্রকল্পে ৫,০০০-এর কাছাকাছি কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে বলে জানানো হয়েছে।
প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রঘুনাথপুরকে বোকারো বা ভিলাইয়ের মতো বৃহৎ শিল্পনগরী হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। ১,০০০ দিনের নির্ধারিত সময়সীমার পরিবর্তে ৮০০ দিনের মধ্যেই কারখানা চালুর জন্য সংস্থার কাছে আবেদন জানান তিনি।
শিল্পায়নের ক্ষেত্রে সরকারের নতুন জমি নীতির কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, জোর করে জমি অধিগ্রহণ কিংবা বিনিয়োগকারীদের ওপর জমি কেনার দায় চাপানো—দুই পথ থেকেই সরে এসে ‘ল্যান্ড পারচেজ’, ‘ল্যান্ড পুলিং’ এবং কৃষকদের সঙ্গে যৌথ ল্যান্ড ডেভেলপমেন্টের নীতি গ্রহণ করা হয়েছে।
১০০ কোটি টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে স্থানীয় স্তরে হয়রানি বন্ধ করে রাজ্যস্তর থেকেই সিঙ্গল উইন্ডো ক্লিয়ারেন্স দেওয়ার কথা জানান তিনি। পাশাপাশি, শুধু বিনিয়োগের পরিমাণ নয়, কত কর্মসংস্থান তৈরি হচ্ছে, তার ভিত্তিতেও শিল্প সংস্থাকে ইনসেন্টিভ দেওয়ার নীতি নেওয়া হবে বলে জানান।
অমিত মেটালিকসের পক্ষ থেকে বৃক্ষরোপণ, স্কিল ট্রেনিং সেন্টার, অটোমোবাইল ক্ষেত্র এবং CSR কার্যক্রমের প্রতিশ্রুতির কথাও উঠে আসে অনুষ্ঠানে। স্থানীয় বিধায়ক মামনী বাউরীর প্রস্তাব সমর্থন করে মুখ্যমন্ত্রী অদক্ষ ও সাধারণ পদে স্থানীয় যুবক-যুবতীদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি, নিয়ম অনুযায়ী CSR তহবিল সামাজিক উন্নয়নে ব্যবহারের আহ্বান জানান তিনি।







