রাজনীতি

চুঁচুড়ায় বিস্ফোরক অসিত মজুমদার: রচনার বিরুদ্ধে ‘কানভাঙানোর’ অভিযোগ, দেবাংশুর ভরাডুবির আশঙ্কা

নিজস্ব সংবাদদাতা, চুঁচুড়া: বিধানসভা নির্বাচনের টিকিট না মেলাতেই প্রকাশ্য বিদ্রোহে নামলেন চুঁচুড়ার বিদায়ী তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। রবিবার চুঁচুড়ায় সাংবাদিকদের সামনে তিনি সরাসরি আঙুল তুললেন তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের দিকে। অভিযোগ, “দিদির কান ভারী করে” তাঁর টিকিট কেটে দেওয়ার পিছনে রচনার বড় ভূমিকা রয়েছে।

‘তিন দিনকার যোগী’ মন্তব্যে বিতর্ক
দেবাংশু ভট্টাচার্যের হয়ে রচনার প্রচার শেষে ক্ষোভ উগরে দেন অসিতবাবু। কড়া ভাষায় বলেন,
“কে রচনা? তিন দিনকার যোগী! এদের মতো লোক দলে থাকলে গোষ্ঠীদ্বন্দ্ব বাড়বে। আমরা স্নো-পাউডার মেখে রাজনীতি করি না, লড়াই করে আসা মানুষ।”

প্রবীণ এই নেতার দাবি, রচনার বিরুদ্ধে “মুখোশ পরে দল চালানোর” অভিযোগ রয়েছে, আর সেই কারণেই দিদিমণি আজকাল তাঁদেরই প্রাধান্য দিচ্ছেন।

নির্দল চ্যালেঞ্জে হুঙ্কার
রচনাকে নির্দল লড়াইয়ের চ্যালেঞ্জ ছুড়ে বলেন অসিতবাবু,
“ওর দম থাকলে নির্দল হোক। আমিও দাঁড়াব। ওর থেকে দশগুণ ভোট না পেলে ন্যাড়া হয়ে হুগলি জেলা ঘুরব।”

গতবার চুঁচুড়ায় রচনা হেরে যাওয়া এবং নিজে বড় ব্যবধানে জয়ের বিষয়টিও স্মরণ করিয়ে দেন তিনি।

পূর্বের দ্বন্দ্বের পটভূমি
রাজনৈতিক মহলের মতে, সাংসদ তহবিলের অর্থে একটি স্কুলে স্মার্ট ক্লাস নির্মাণকে কেন্দ্র করে দু’জনের বিরোধ শুরু। সেখানে অসিতবাবুর বিরুদ্ধে “অশোভন আচরণের” অভিযোগ ওঠে। পরে যদিও তিনি রচনাকে ‘বোন’ বলে সম্পর্ক মেরামতির চেষ্টা করেছিলেন, পরিস্থিতি আর স্বাভাবিক হয়নি।

রচনার প্রত্যুত্তর: ‘উনি এখন পাস্ট’
অসিতবাবুর কটাক্ষে গুরুত্ব দিতে নারাজ রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,
“বিষয়টা হাস্যকর। উনি অভিজ্ঞ মানুষ—তাঁকে এই ধরনের ‘বোকা বোকা’ মন্তব্য না করতে বলুন। উনি এখন পাস্ট, ওঁকে নিয়ে আলোচনার প্রয়োজন নেই। সামনে যিনি আসছেন তাঁকে দেখুন।”

দলীয় অস্বস্তি বাড়ছে
টিকিট বণ্টনকে কেন্দ্র করে চুঁচুড়ায় প্রকাশ্য সংঘাত তৃণমূলের অন্দরে নতুন করে অস্বস্তি তৈরি করেছে। নির্বাচন যত এগোবে, এই চাপ আরও বাড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.