রাজ্য

আদালত চত্বরে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ, রিপোর্ট তলব হাই কোর্টের

ভাঙড় কলেজের অশান্তির রেশ এ বার বারুইপুর আদালতেও। ধৃত এসএফআই সদস্যদের হয়ে সওয়াল করতে গিয়ে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের দিকে ডিম ছোড়ার অভিযোগ উঠেছিল মঙ্গলবার। ঘটনার পরেই উত্তেজনা ছড়ায় আদালত চত্বরে। এ বার সেই ঘটনায় রিপোর্ট তলবের কথা জানাল কলকাতা হাই কোর্ট।

অভিযোগ, ভাঙড় কলেজের অশান্তির ঘটনায় গ্রেফতার হওয়া এসএফআই সদস্যদের হয়ে সওয়াল করতে বারুইপুর আদালতে গিয়েছিলেন সিপিআইএমের আইনজীবী নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়। আদালত চত্বরেই তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ। আইনজীবীর পোশাক পরা অবস্থাতেও তাঁকে হেনস্থার মুখে পড়তে হয়েছে বলে দাবি করেন সায়ন।

ঘটনার কথা সামনে আসার পর বুধবার বারুইপুর আদালতে বিক্ষোভ দেখান আইনজীবীদের একাংশ। আদালতের সদর গেটে তালা দিয়ে প্রতিবাদ শুরু হয়। তাঁদের অভিযোগ, এই ধরনের ঘটনা শুধু একজন আইনজীবীকে হেনস্থা নয়, আদালতের মর্যাদাকেও প্রশ্নের মুখে ফেলেছে। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার এবং আদালত চত্বরে নিরাপত্তা জোরদারের দাবিও ওঠে।

পরিস্থিতি সামাল দিতে আদালত চত্বরে মোতায়েন করা হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরে আইনজীবীদের সঙ্গে আলোচনার পর আদালতের গেট খুলে দেওয়া হয়।

এ দিকে বিষয়টি পৌঁছেছে কলকাতা হাই কোর্টে। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি গুগে জানান, ঘটনার বিষয়ে দক্ষিণ ২৪ পরগনার জেলা জজ এবং পুলিশ সুপারের কাছ থেকে রিপোর্ট চাওয়া হবে।

আইনজীবীদের তরফে জানানো হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে ডিম ছোড়ার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা না হলে ফের কর্মবিরতির পথে হাঁটবেন তাঁরা। বৃহস্পতিবার দুপুর ২টো থেকে সমস্ত কাজ বন্ধ রাখার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

ভাঙড় কলেজের অশান্তিকে কেন্দ্র করে শুরু হওয়া উত্তেজনা এ বার আদালত চত্বর পর্যন্ত পৌঁছে যাওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে আদালতের নিরাপত্তা এবং আইনজীবীদের নিরাপত্তা নিয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.