রাজ্য

টানা বৃষ্টিতে সিকিমে ফের ধস, ২০ মাইলে অবরুদ্ধ ১০ নম্বর জাতীয় সড়ক

পাহাড়ে অব্যাহত বৃষ্টির জেরে সিকিমের একাধিক এলাকায় ফের ধস নামল। শিলিগুড়ির সঙ্গে সিকিমের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথ ১০ নম্বর জাতীয় সড়কের ২০ মাইল এলাকায় ধস নেমে যান চলাচল ব্যাহত হয়েছে। সিংটাম-রংপো রুটের ওই অংশে পাহাড়ের ঢাল থেকে একের পর এক পাথর গড়িয়ে পড়ছে বলে খবর। কাদা ও ধ্বংসাবশেষ জমে রাস্তার বড় অংশ কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। এর ফলে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সিকিমে যাওয়া পর্যটকরাও।

বৃহস্পতিবার সকাল থেকেই ২০ মাইল এলাকায় বৃষ্টির কারণে পাহাড়ের ঢাল নরম হয়ে বারবার মাটি ও পাথর নেমে আসছে। ফলে ওই রাস্তা দিয়ে যাতায়াত বিপজ্জনক হয়ে উঠেছে। ধসে ক্ষতিগ্রস্ত অংশ এড়িয়ে চলার জন্য সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছে সিকিম প্রশাসন। পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

অন্যদিকে, পশ্চিম সিকিমের রিম্বি-ইউকসাম সড়কেও নতুন করে ধস নামায় যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। রিম্বি হয়ে খেচুপেরি থেকে গিয়ালশিং যাওয়ার পথেও মাটি ও পাথর পড়ে রাস্তা বন্ধ রয়েছে। ফলে ওই এলাকার সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন।

টানা বৃষ্টির জেরে সিকিমে বাড়ছে তিস্তার জলস্তর। একইসঙ্গে পাহাড়ি এলাকার অন্যান্য নদীতেও জল বাড়ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড়ের আরও কয়েকটি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। পরিস্থিতির উপর সতর্ক নজর রাখছে প্রশাসন।

কবে পরিস্থিতি স্বাভাবিক হবে বা দ্রুত রাস্তা মেরামত করে যোগাযোগ চালু করা সম্ভব হবে, সে বিষয়ে এখনও নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি। আগামী দিনেও বৃষ্টির পূর্বাভাস থাকায় পরিস্থিতি মোকাবিলায় সতর্ক রয়েছে প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.