SIR নিয়ে বিতর্কের মধ্যেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। আইনজীবী শৈলেন্দ্র মণি ত্রিপাঠীর করা এই আবেদনে অভিযোগ, দুই নির্বাচন কমিশনারের মতামত ও সম্মতি ছাড়াই একাধিক সিদ্ধান্ত, নির্দেশিকা এবং সফটওয়্যারে পরিবর্তন করা হয়েছে। সেই সিদ্ধান্তগুলিকে অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করার পাশাপাশি জ্ঞানেশ কুমার-সহ কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী পদক্ষেপের আর্জি জানানো হয়েছে।
আবেদনে পুরনো ফর্ম ৬ পুনরায় চালু করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি SIR-এর সময় প্রায় ১৩ কোটি ভোটারের নাম বাদ যাওয়ার অভিযোগ খতিয়ে দেখতে স্বাধীন তদন্ত কমিশন বা SIT গঠনের আবেদন করা হয়েছে। ভোটার তালিকার তথ্য, ECINet ও ERONet-এর ডেটাবেস এবং ব্যবহৃত সফটওয়্যার নিয়েও তদন্ত চাওয়া হয়েছে।
এই মামলায় দাবি করা হয়েছে, *দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস*-এর একটি তদন্তমূলক প্রতিবেদনে বলা হয়েছিল, ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী SIR সংক্রান্ত সিদ্ধান্তে অন্তত ১৪ বার আপত্তি জানিয়েছিলেন। ফর্ম ৬-এর পরিবর্তন, ভোটারদের নাম সংযোজন-বিয়োজন এবং ভোটার তালিকার তথ্য ব্যবস্থাপনা নিয়েও তাঁদের আপত্তি ছিল বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে নির্বাচন কমিশনের বক্তব্য, SIR সংক্রান্ত সিদ্ধান্তগুলি একতরফাভাবে নেওয়া হয়নি। কমিশনের দাবি, ফর্ম ৬, ফর্ম ৮ এবং নাগরিকত্ব সংক্রান্ত নির্দেশ-সহ SIR-এর সিদ্ধান্তগুলি মুখ্য নির্বাচন কমিশনার এবং দুই নির্বাচন কমিশনারের সম্মতিতেই নেওয়া হয়েছে। ফলে মামলায় ওঠা অভিযোগগুলি এখন আদালতের বিচারাধীন।







