কলকাতা: উত্তরপাড়ার ঘটনার পর ফের বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠল। এবার ঘটনাস্থল তাঁর নিজের বিধানসভা এলাকা বেলেঘাটা। কুণালের অভিযোগ, একটি বাইক বাহিনী তাঁর গাড়িকে ধাওয়া করে ঘিরে ধরে হামলা চালায়। হাতুড়ি দিয়ে গাড়ির কাচ ভাঙার পাশাপাশি তাঁকে গাড়ি থেকে বার করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেছেন তিনি। ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূল বিধায়ক।
সংবাদমাধ্যমে পাঠানো অডিয়ো বার্তায় কুণাল দাবি করেন, বেলেঘাটায় একটি অনুষ্ঠানে ঢোকার সময় তাঁকে অনুসরণ করে হামলা চালানো হয়। তাঁর অভিযোগ, হামলাকারীরা অস্ত্রশস্ত্র নিয়ে এসেছিল। পরিস্থিতি থেকে বাঁচতে তিনি ও তাঁর চালক নারকেলডাঙা থানায় আশ্রয় নেন বলেও জানান কুণাল।
তবে ঘটনার সঙ্গে বিজেপির যোগ থাকার অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। ঘটনার তীব্র নিন্দা করে তিনি বলেন, “ঘটনাস্থলে বিজেপি ছিল না বলেই আমার বিশ্বাস। যে বা যাঁরা এই ঘটনা ঘটিয়েছে, তাঁদের রাজনৈতিক পরিচয় না দেখে পুলিশ গ্রেফতার করুক।” দোষীদের শাস্তির দাবিও জানিয়েছেন তিনি।
এর আগে শনিবার শ্রীরামপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার পথে উত্তরপাড়ায় কুণালের গাড়ি আটকে হামলার অভিযোগ উঠেছিল। অভিযোগ, গাড়িতে ডিম ছোড়ার পাশাপাশি রড দিয়ে ভাঙচুর করা হয়। সেই ঘটনায়ও বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছিল তৃণমূল। পাল্টা বিজেপির দাবি ছিল, ঘটনাটি সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ।
পরপর দু’দিন বিধায়কের গাড়িতে হামলার অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে।







