গত সপ্তাহের টানা বৃষ্টির রেশ কাটতে না কাটতেই ফের আবহাওয়ার বদলের ইঙ্গিত। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মায়ানমার উপকূলের কাছে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলটি ধীরে ধীরে শক্তি বাড়াতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ মায়ানমার ও সংলগ্ন এলাকায় থাকা নিম্নচাপ অঞ্চলটি ইতিমধ্যেই আন্দামান সাগরে এসে আরও স্পষ্ট হয়েছে। সোমবারের মধ্যে সেটি আরও উত্তর-উত্তর-পশ্চিম দিকে সরে নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর উত্তর দিকে এগিয়ে দু’দিনের মধ্যে মায়ানমার-বাংলাদেশ উপকূল সংলগ্ন সমুদ্রে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে।
নতুন এই নিম্নচাপের জেরে আপাতত মায়ানমার-বাংলাদেশ উপকূল সংলগ্ন পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে সতর্কতা জারি করা হয়েছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত সমুদ্রে ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার গতি কখনও ৬৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। তাই ওই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
তবে স্বস্তির খবরও রয়েছে। আবহাওয়া দফতরের প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, এই নিম্নচাপের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়ার সম্ভাবনা আপাতত কম। ফলে দক্ষিণবঙ্গে ফের বড়সড় ঝড়-বৃষ্টির আশঙ্কা এখনই নেই। তবে নিম্নচাপটি শেষ পর্যন্ত কোন পথে এগোয় এবং কতটা শক্তিশালী হয়, তার উপরই পরবর্তী আবহাওয়ার পূর্বাভাস নির্ভর করবে।
উল্লেখ্য, এর আগে বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া হয়েছিল। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশের পর ধীরে ধীরে সেই নিম্নচাপের প্রভাব কমে যায়। শনিবার থেকে বৃষ্টিও অনেকটাই কমেছে।
এদিকে সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৫ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস।
অর্থাৎ, আপাতত দক্ষিণবঙ্গ স্বস্তিতে থাকলেও বঙ্গোপসাগরের দিকে নজর রাখছে হাওয়া অফিস। নতুন নিম্নচাপের গতিপথ বদলালে পরিস্থিতিরও পরিবর্তন হতে পারে।







