দোকানে এসে মোটা অঙ্কের টাকার দাবি। সেই টাকা না দেওয়ায় শিলিগুড়িতে ব্যবসায়ীর উপর হামলা। ফের একবার এমন দাদাগিরি শহরে।টাকা না দেওয়ায় ব্যবসায়ীর মুখে ঘুষি মারার পাশাপাশি কপালে বন্দুকের বাট দিয়ে মারা হয় বলে অভিযোগ। সোমবার রাতে শিলিগুড়ির প্রধাননগরের নিবেদিতা রোডে ঘটনাটি ঘটে।
নিবেদিতা রোডে বহুদিন ধরে একটি চায়ের দোকান রয়েছে বিবেকানন্দপল্লীর বাসিন্দা সুদীপ্ত সাহার।অভিযোগ, সোমবার রাতে তিনি দোকান বন্ধ করছিলেন।সেসময় তার দোকানে কয়েকজন যুবক আসে।ব্যবসায়ী সুদীপ্ত সাহার কাছে ১ লক্ষ টাকা দাবি করেন তারা।ব্যবসায়ী সেই টাকা দিতে না চাইলে তাকে গালিগালাজ, ঘুষি ও কপালে মারা হয়। ওই অবস্থায় তিনি তার বৌদিকে ফোন করেন।তার বৌদি এসে তার স্বামীকে ফোন করে সব কথা জানান। তার পরেই পুলিশকে ফোন করা হয়। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে।







