নিজস্ব প্রতিবেদন: ১৫ বছর পর ফের দেশে শুরু হতে চলেছে জনসংখ্যা গণনার মহাযজ্ঞ। ২০২৬ সালের ১ এপ্রিল থেকে শুরু হবে এই জনগণনার প্রথম ধাপ—‘হাউসলিস্টিং অপারেশন’। সেই সময় দেশজুড়ে প্রতিটি বাড়ির তালিকা তৈরি করে তাতে আবাসন, সুযোগ-সুবিধা, সম্পদের তথ্য সংগ্রহ করা হবে। রেজিস্ট্রার জেনারেল ও জনগণনা কমিশনারের দফতর ইতিমধ্যেই এই তথ্য জানিয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যসচিবদের পাঠানো এক চিঠিতে।
সরকার জানিয়েছে, এই জনগণনা হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে। ব্যবহার করা হবে বিশেষ মোবাইল অ্যাপ। এমনকি, নাগরিকরাও নিজেদের তথ্য সরাসরি অ্যাপে আপলোড করতে পারবেন—এই সুযোগও থাকছে। ১৬তম এই জনগণনায় নিযুক্ত হবেন ৩৪ লক্ষেরও বেশি গণনাকারী ও সুপারভাইজার, পাশাপাশি থাকবেন প্রায় ১.৩ লক্ষ স্থায়ী কর্মী।
গণনা হবে দুই ধাপে—
প্রথম ধাপ (House Listing Operation): বাড়ির গঠন, দেওয়াল, ছাদ ও মেঝের উপাদান, পানীয় জলের উৎস, বিদ্যুৎ সংযোগ, শৌচালয়ের ধরন, রান্নার গ্যাস বা অন্যান্য জ্বালানির ব্যবহার, রান্নাঘর, স্নানঘরের উপস্থিতি ইত্যাদি বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে।
দ্বিতীয় ধাপ (Population Enumeration): ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই পর্ব। এতে নাগরিকদের ডেমোগ্রাফিক, আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক তথ্য সংগ্রহ করা হবে।
চিঠিতে আরও জানানো হয়েছে, জনগণনার সময় জাতিভিত্তিক তথ্য সংগ্রহও করা হবে। প্রশ্নপত্রে থাকছে প্রায় তিন ডজন প্রশ্ন, যার মধ্যে রয়েছে বাড়িতে ফোন, ইন্টারনেট, টিভি, সাইকেল, গাড়ি, স্কুটার ইত্যাদির উপস্থিতির প্রসঙ্গও।
এবারের জনগণনা শুরু হওয়ার আগে, প্রশাসনিক ইউনিটগুলির সীমানা নির্ধারণ করার কাজ শেষ করতে বলা হয়েছে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে। সেই অনুযায়ী জেলার, মহকুমার, তহসিল বা পৌরসভার নতুন সীমা চূড়ান্ত করা হবে, যা পরবর্তী গণনার মানচিত্রে প্রতিফলিত হবে।
২০১১ সালের পর ভারতে আর জনগণনা হয়নি। মাঝে কোভিড অতিমারির কারণে ২০২১ সালের নির্ধারিত গণনা পিছিয়ে যায়। অবশেষে ২০২৬-এ শুরু হচ্ছে গণনার কাজ, যা শুধু সংখ্যার খতিয়ান নয়—একটি দেশের আর্থ-সামাজিক অবকাঠামোর আয়না হয়ে ওঠে।
এই জনগণনা নতুন যুগে পা রাখছে, প্রযুক্তির হাত ধরে—এটাই হবে ভারতের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল জনগণনা।







