খেলাধুলা

এশিয়াডে মেয়েদের হকিতে সোনার ঝলক, ৪৪ বছর পর চিনকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

চক দে ইন্ডিয়া! এশিয়ান গেমসে মেয়েদের হকিতে সোনার পদক ভারতের। ফাইনালে চিনকে ১-০ গোলে হারিয়ে দীর্ঘ ৪৪ বছর পর এশিয়াডে ফের সোনা জিতল ভারতীয় মহিলা হকি দল। ভারতের হয়ে একমাত্র গোলটি করেন লালরেমসিয়ামি। তবে ম্যাচে চিনের একাধিক আক্রমণ রুখে দিয়ে ভারতকে জয়ের রাস্তা দেখান গোলকিপার সবিতা পুনিয়া। এদিন সব মিলিয়ে ভারতীয়দের ঝুলিতে এল ৬টি সোনা। পদক তালিকায়ও বড় লাফ দিয়ে পঞ্চম স্থানে উঠে এল ভারত।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ভারতের ‘অগ্নিকন্যারা’। প্রথম কোয়ার্টার থেকেই পরপর পেনাল্টি কর্নার আদায় করে চিনের রক্ষণে চাপ তৈরি করতে থাকে তারা। সেই চাপেরই ফল মেলে ২০ মিনিটে। লালরেমসিয়ামির গোলে এগিয়ে যায় ভারত।

এরপর ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে চিন। পেনাল্টি কর্নার থেকে বলের দখল—একাধিক পরিসংখ্যানে এগিয়ে ছিল চিনা দল। কিন্তু ভারতীয় রক্ষণ ছিল অটুট। হাফটাইমের ঠিক আগে বাঁদিকে ঝাঁপিয়ে দুরন্ত সেভ করে চিনের পেনাল্টি কর্নার আটকে দেন সবিতা পুনিয়া। ম্যাচের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে ওঠে সেই সেভ। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানেই জয় নিশ্চিত করে ভারত। এই জয়ের ফলে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকের টিকিটও নিশ্চিত হল ভারতীয় মহিলা হকি দলের।

এর আগে শেষবার ১৯৮২ সালে এশিয়ান গেমসে মেয়েদের হকিতে সোনা জিতেছিল ভারত। এরপর ১৯৯৮ ও ২০১৮ সালে ফাইনালে উঠেও সোনার স্বপ্ন অধরাই থেকে যায়। তবে এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল।

ভারতের জন্য এদিনের দিনটি ছিল সোনায় মোড়া। মাত্র আধ ঘণ্টার ব্যবধানে তিনটি সোনা আসে দেশের ঝুলিতে। প্রথমে মহিলাদের ৬৫ কেজি বিভাগে চিনা প্রতিপক্ষকে হারিয়ে সোনা জেতেন পারভিন হুডা। এরপর বক্সিংয়ের ৮০ কেজি বিভাগে শুরু থেকে দাপট দেখিয়ে সোনা জেতেন অঙ্কুশ পাঙ্ঘাল। আর কুস্তিতে শুরুতে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তন করে সোনা জেতেন সুজিত কালকাল।

১৩তম দিনের শুরুতেই ভারতের প্রথম সোনা আসে তিরন্দাজি থেকে। প্রতিকূল আবহাওয়ার সঙ্গে লড়াই করে কুমকুম অনিল মোহত, অঙ্কিতা ভকত এবং কীর্তি শর্মার দল সোনা জেতে। রিকার্ভ তিরন্দাজিতে এটাই প্রথমবার ভারতের সোনা জয়।

এরপর ৭৫ কেজি বিভাগে সোনা জেতেন লভলিনা বরগোহাঁই। নিজের জন্মদিনেই এশিয়ান গেমসে প্রথমবার সোনার পদক জয়ের কৃতিত্ব অর্জন করেন অসমের এই বক্সার।

এদিন ভারতের ঝুলিতে আরও এসেছে দু’টি রুপো এবং দু’টি ব্রোঞ্জ। সব মিলিয়ে ভারতীয় দলের পদকসংখ্যা দাঁড়াল ১৬টি সোনা, ২৫টি রুপো এবং ৩৫টি ব্রোঞ্জে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.