নিজস্ব সংবাদদাতা : চব্বিশে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে ২৬ বিরোধী দল মিলে তৈরি হয়েছে ‘ইন্ডিয়া’। জোটের শর্ত মেনে গতকালের জনসভা থেকে কংগ্রেসের বিরুদ্ধে কোনওপ্রকার শব্দ উচ্চারণ করেননি তৃণমূলনেত্রী। তবে এই বিষয়ে সরব হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। শনিবার তাঁর প্রতিক্রিয়া, তিনি নাকি অনেক আগেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের হাত ধরতে হবেই।
কংগ্রেস-সিপিএম ইস্যুতে মমতার মৌনতা প্রসঙ্গে অধীরের উবাচ, ‘কংগ্রেসের তৃণমূলকে যতটা দরকার, তৃণমূলের তার থেকে বেশি কংগ্রেসকে দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় কোনও দয়া করছেন না। বাঁচার জন্য কংগ্রেসের তালে তাল মেলানোর চেষ্টা করছেন।’
উল্লেখ্য,গতকালই ১০০ দিনের কাজের প্রকল্পের ধাঁচে বাংলায় ‘খেলা হবে’প্রকল্পের কথা চালু করার ভাবনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। হঠাৎ এহেন নামকরণ কেন? কেন রাজনৈতিক স্লোগানের আকারে নামকরণ? এই প্রশ্নও তোলেন অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতির মন্তব্য, ‘২০২৪ সালে ভোট আসছে বলে কি আবার নতুন করে ১০০ দিনের কাজের কথা বলে প্রলুব্ধ করার চেষ্টা করছেন? বাংলার মানুষকে ঘুষ দেওয়ার চেষ্টা নয় তো?’ চড়ছে রাজনৈতিক পারদ।







