জম্মুর ডোডার একটি সরকারি হাসপাতালে লেবার রুমে বোরখা পরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। ঘটনার প্রতিবাদে বিক্ষোভে সামিল হন নার্স এবং নার্সিং ছাত্রীরা। পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ঘটনার সূত্রপাত বুধবার। অভিযোগ, লেবার রুমে বোরখা পরে প্রবেশ করায় এক নার্সিং ছাত্রীকে সেখান থেকে বেরিয়ে যেতে বলেন স্ত্রীরোগ বিভাগের প্রধান চিকিৎসক ড. মধু চিবের। এরপরই প্রতিবাদে সরব হন নার্সিং ছাত্রীরা ও নার্সরা। অভিযোগ, কর্মবিরতিতেও সামিল হন তাঁরা।
বিক্ষোভকারী এক নার্সিং ছাত্রীর দাবি, বৃহস্পতিবার একই কারণে আরও দুই ছাত্রীকে লেবার রুমের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়। তাঁর অভিযোগ, এই ধরনের নির্দেশ ধর্মীয় স্বাধীনতার বিষয়ে হস্তক্ষেপের সামিল।
পরে হাসপাতাল কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
তবে হাসপাতালের ভারপ্রাপ্ত মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ড. ইরফান তাসাদুকের বক্তব্য, বোরখা খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়নি। তাঁর দাবি, স্ত্রীরোগ বিভাগের প্রধান নার্সিং ছাত্রীদের ঢিলেঢালা পোশাক সঠিকভাবে গুছিয়ে নিতে এবং লেবার রুম ও অপারেশন থিয়েটারের জন্য নির্ধারিত গাউন পরতে বলেছিলেন। সংক্রমণের ঝুঁকি বেশি থাকায় এই ধরনের সংবেদনশীল জায়গায় চিকিৎসক-সহ সকলকেই নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে চলতে হয় বলেও জানান তিনি।
এদিকে, ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। ন্যাশনাল কনফারেন্সের প্রধান মুখপাত্র তানভির সাদিক বলেন, সংবিধান প্রত্যেক নাগরিককে নিজের ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে। কোনও মহিলা হিজাব পরবেন কি না, সেটি তাঁর ব্যক্তিগত পছন্দ ও সিদ্ধান্তের বিষয় বলেও মন্তব্য করেন তিনি।







