দুর্গাপুরে নাবালিকাকে একা পেয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাবালিকার বাবা-মা দু’জনেই দিনমজুর। কাজের প্রয়োজনে দিনের বেশিরভাগ সময়ই তাঁদের বাড়ির বাইরে থাকতে হয়। অভিযোগ, সেই সুযোগে বাড়িতে একা থাকা নাবালিকার সঙ্গে যোগাযোগ তৈরি করে অভিযুক্ত যুবক। ভয় দেখানো এবং প্রলোভন দেখিয়ে একাধিকবার যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
সোমবার দুপুরে ঘটনাটি পরিবারের নজরে আসে। নাবালিকার মা কাজ থেকে বাড়ি ফিরে অভিযুক্ত যুবককে মেয়ের সঙ্গে দেখতে পান বলে অভিযোগ। এরপর পরিবারের তরফে দ্রুত পুলিশকে বিষয়টি জানানো হয়।
অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে দুর্গাপুর থানার ফরিদপুর ফাঁড়ির পুলিশ। অভিযান চালিয়ে ওল্ড কোর্ট মোড় এলাকার বাসিন্দা তরুণ রাম নামে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে, নাবালিকাকে চিকিৎসা পরীক্ষার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগের সত্যতা এবং ঘটনার সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখা হচ্ছে।







