নিজের সন্তান নয়, এই সন্দেহে আটমাসের শিশুপুত্রকে খুন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। অভিযুক্তকে ইতিমধ্য়ে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় পশ্চিম বর্ধমানের অণ্ডালের বহুলা মতিবাজার নিউ কোয়ার্টার এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে ঘুমন্ত অবস্থায় সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান অভিযুক্ত অজয় ভুঁইয়া।
বাড়ি থেকে কিছুটা দূরে পরিত্যক্ত কয়লা খনির সামনে তাদের দেখতে পান অজয়ের মা। সন্তানকে নিয়ে কোথায় যাচ্ছে জিজ্ঞেস করতেই অভিযুক্ত মাকে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যায়। অভিযোগ, পরিত্যক্ত খাদানের কাছে নিয়ে গিয়ে পাথর দিয়ে একের পর এক আঘাত করে শিশুটির মুখে। তার পর তাকে ফেলে চলে যান অজয়।
কিছুক্ষণ পর পরিত্যক্ত খনি থেকে রক্তাক্ত অবস্থায় খুদেকে উদ্ধার করে স্থানীয়রা। চিকিত্সার জন্য রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। অজয়ই শিশুটিকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তাঁর স্ত্রী মমতা ভুঁইয়া। লিখিত অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। সন্দেহের বসেই খুন করে বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের।
ঘটনা সূত্রে জানা গিয়েছে, বিয়ের পর থেকেই অজয় তাঁর স্ত্রী মমতাকে সন্দেহ করতেন। সন্তানের জন্মের পর স্ত্রীর প্রতি সন্দেহ তার আরও বেড়ে যায়। সন্তানটি নিজের নয় বলে মনে করতেন অভিযুক্ত। এই নিয়ে প্রায়শই অশান্তি লেগে থাকত তাদের মধ্যে। কিছুদিন আগে সন্তানকে সঙ্গে নিয়ে বাপের বাড়ি চলে যান মমতা মদ্যপ অবস্থায় বুধবার শিশুটিকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে বের হয় । শিশুটির মৃতদেহটি কে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই শিশুটির মৃত্যুর কারণ জানা যাবে। কী কারণে এই ঘটনা ঘটলো তা ধৃতকে জেরা করে জানার চেষ্টা চলছে।







