খেলাধুলা

জেআরডিতে বেসুরো মহামেডান, জয় দিয়ে আইএসএল শুরু জামশেদপুরের

Jamshedpur FC বনাম Mohammedan SC ম্যাচে ০-১ গোলে হার দিয়ে আইএসএল অভিযান শুরু করল সাদা-কালো ব্রিগেড। রবিবার JRD Tata Sports Complex-এ ঘরের মাঠের সমর্থনকে পুঁজি করে শুরু থেকেই আগ্রাসী ফুটবল উপহার দেয় জামশেদপুর।

বল দখল ও গতি—দুই ক্ষেত্রেই প্রথমার্ধে এগিয়ে ছিলেন মেসি বাউলি ও মাদিহ তালালরা। ৯ মিনিটেই ফল পেয়ে যায় ‘ইস্পাত নগরী’। ইস্টবেঙ্গলের প্রাক্তনী তালালের নিখুঁত ফিনিশে এগিয়ে যায় জামশেদপুর। ১২ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এলেও কাজে লাগাতে পারেননি স্বাগতিকরা। ২২ মিনিটে মেসি বাউলির গোল অফসাইডের জন্য বাতিল হয়, ২৮ মিনিটে ফের একটি সহজ সুযোগ নষ্ট হয়।

মহামেডানের প্রথম উল্লেখযোগ্য সুযোগ আসে ৩০ মিনিটে। ৩৫ মিনিটে আদিসন সিং সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেলেও সাইড নেটে বল মারেন। প্রথমার্ধের বাকি সময়টায় অমরজিৎ সিং কিয়াম ও গৌরব বোরাদের নেতৃত্বে রক্ষণ সামলাতেই বেশি ব্যস্ত ছিল সাদা-কালো শিবির। বিরতিতে ১-০ ব্যবধানই বজায় থাকে।

দ্বিতীয়ার্ধেও ছবিটা খুব একটা বদলায়নি। ৪৭ মিনিটে পোস্ট বাঁচিয়ে দেয় মহামেডানকে। গত মরশুমের হতাশা ভুলে বাড়তি তাগিদে নামা জামশেদপুর ধারাবাহিক চাপ বজায় রাখে। তবু শেষ পর্যন্ত আর গোল বাড়াতে পারেনি তারা।

অন্যদিকে, আদিসন ও হীরা মণ্ডলরা চেষ্টা চালালেও আক্রমণে ধার বাড়াতে পারেননি। কোচ মেহরাজউদ্দিন ওয়াড়ুর স্বদেশি ব্রিগেড লড়াইয়ে পিছিয়ে থাকেনি, কিন্তু সমতায় ফেরা সম্ভব হয়নি। হারের ক্ষত বুকে নিয়েই মাঠ ছাড়তে হয় ‘ব্ল্যাক প্যান্থার্স’-দের।

আইএসএলের দীর্ঘ মরশুমের শুরুতেই ধাক্কা খেল মহামেডান। আর আত্মবিশ্বাসী সূচনায় পয়েন্ট তুলে নিল জামশেদপুর—ঘরের মাঠে সমর্থকদের সামনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.