দেশ

পরপর ভূমিকম্পে কাঁপল দেশ! উত্তরাখণ্ডের কম্পনে দিল্লি-NCR-এ আতঙ্ক

একই দিনে দেশের দুই প্রান্তে ভূমিকম্প, তার পর রাতের কম্পনে কেঁপে উঠল রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকা। মঙ্গলবার ভোরে অসমের নগাঁওয়ের পর রাতে ভূমিকম্প অনুভূত হয় উত্তরাখণ্ডের চামোলিতে। কম্পনের মাত্রা ছিল ৪.৯। এর প্রভাব পড়ে দিল্লি-NCR-এর বেশ কিছু এলাকায়। আচমকা মাটি কেঁপে ওঠায় রাতের দিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বা NCS-এর তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত প্রায় ১০টা ২০ মিনিট নাগাদ উত্তরাখণ্ডের চামোলি এলাকায় কম্পন অনুভূত হয়। কিছুক্ষণের মধ্যেই দিল্লি ও আশপাশের এলাকা থেকেও কম্পন অনুভূত হওয়ার খবর সামনে আসে।

সোফা নড়তেই ঘর ছাড়লেন বাসিন্দা

দক্ষিণ দিল্লির সফদরজং এলাকার এক বাসিন্দা সোশ্যাল মিডিয়ায় জানান, ভূমিকম্পের সময় তাঁর ঘরের সোফা নড়ে ওঠে। পরিস্থিতি বুঝতে পেরে আতঙ্কে তিনি ঘর থেকে বেরিয়ে আসেন।

কম্পনের খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়াতেও শুরু হয় আলোচনা। একের পর এক পোস্টের পাশাপাশি মিমও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

ভোরেই কেঁপেছিল অসম

এর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার ভোরে ভূমিকম্প অনুভূত হয়েছিল অসমের নগাঁও জেলায়। NCS-এর তথ্য অনুযায়ী, ভোর ৪টা ২৩ মিনিট ৪৭ সেকেন্ডে ৪.৫ মাত্রার কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎসস্থল ছিল মাটির প্রায় ৩৩ কিলোমিটার গভীরে।

শুধু মঙ্গলবারই নয়, এর আগে রবিবার হিমাচল প্রদেশেও ভূমিকম্প অনুভূত হয়েছিল। ফলে কয়েক দিনের ব্যবধানে দেশের একাধিক এলাকায় পরপর কম্পন অনুভূত হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে।

তবে উত্তরাখণ্ডের ভূমিকম্পে দিল্লি-NCR-এ কোনও বড় ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.