নয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী নীলম কোঠারি সাম্প্রতিক সফরে এক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হন। টরন্টো থেকে মুম্বই ফেরার পথে আন্তর্জাতিক এক বিমান সংস্থার বিমানে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। নিজের এক্স হ্যান্ডেলে সেই ঘটনার বিস্তারিত তুলে ধরে নীলম জানান, যাত্রীদের জন্য দেওয়া খাবার খাওয়ার পরই তাঁর শরীর খারাপ হতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই তিনি অজ্ঞান হয়ে যান। এমন বিপজ্জনক পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়ান এক সহযাত্রী। কিন্তু বিমান সংস্থার পক্ষ থেকে কোনও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন অভিনেত্রী।
নীলমের দাবি, তিনি এবং অন্যান্য যাত্রীরা ক্রু সদস্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনওরকম সাড়া মিলছিল না। অসুস্থতার মধ্যেও পাওয়া যায়নি প্রয়োজনীয় পরিষেবা বা প্রাথমিক চিকিৎসা। এই দায়িত্বহীনতা তাঁকে বিস্মিত ও ক্ষুব্ধ করে তোলে। শুধু তাই নয়, ওই বিমানটি প্রায় নয় ঘণ্টা দেরিতে পৌঁছয়। দীর্ঘ অপেক্ষা, অসহায় পরিস্থিতি এবং অব্যবস্থাপনা মিলিয়ে অভিজ্ঞতাটি তাঁর কাছে “বর্ণনাতীত” বলে উল্লেখ করেন নীলম।
ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে সংশ্লিষ্ট বিমান সংস্থা। নীলমের পোস্টে তারা ক্ষমা প্রার্থনা জানায় এবং পুরো ঘটনার বিস্তারিত তথ্য চেয়ে নেয়, যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যায়। যদিও সংস্থার তরফে এখনো পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা বা তদন্তের ফল প্রকাশ করা হয়নি।
অভিনেত্রীর এই অভিযোগ সামনে আসতেই প্রশ্ন উঠছে আন্তর্জাতিক বিমান ভ্রমণে যাত্রী নিরাপত্তা নিয়ে। খাবারের গুণমান, জরুরি পরিস্থিতিতে ক্রুদের দ্রুত প্রতিক্রিয়া, এবং সময়নিষ্ঠতা—সব মিলিয়েই যাত্রী পরিষেবার মান নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। যাত্রী নিরাপত্তার প্রশ্নে বিমান সংস্থাগুলিকে আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার দাবি তুলছেন অনেকে।







