পূর্ব মেদিনীপুরের পটাশপুরে তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। খাড় রতনপুর গ্রামের বাড়ি থেকে সঙ্গীতা কুইলা রায়ের দেহ উদ্ধারকে কেন্দ্র করে শ্বশুরবাড়ির বিরুদ্ধে পণ নিয়ে নির্যাতনের অভিযোগ তুলেছে তাঁর পরিবার। যদিও অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, অমর্ষি-র তালাডিয়া গ্রামের বাসিন্দা সঙ্গীতার সঙ্গে প্রায় দু’বছর আগে খাড় রতনপুরের বাসিন্দা দিপু রায়ের বিয়ে হয়। পরিবারের দাবি, বিয়ের পর থেকেই পণকে কেন্দ্র করে স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে সঙ্গীতার অশান্তি চলছিল। গত কয়েক মাসে পরিস্থিতি আরও খারাপ হয়েছিল বলেও দাবি মৃতার পরিবারের।
মৃতার ভাইয়ের দাবি, গত ছ’মাস ধরে পণ নিয়ে শ্বশুরবাড়িতে অশান্তির কথা মাকে জানাতেন সঙ্গীতা। ঘটনার আগে শুক্রবার ও শনিবার তিনি বাপের বাড়িতেও ছিলেন। রবিবার সকালে শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার পর প্রায় ৯টা নাগাদ মাকে ফোন করে সমস্যার কথা জানান বলে পরিবারের দাবি।
এরপরই উদ্বিগ্ন হয়ে বাবা-মেয়ের বাড়িতে যাওয়ার কথা ভাবছিলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সঙ্গীতার ফোন থেকেই পরিবারের কাছে খবর আসে, তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। পরে হাসপাতালে গিয়ে তাঁর মৃত্যুর খবর জানতে পারেন পরিবারের সদস্যরা।
পরিবারের অভিযোগ, ঘটনাটি স্বাভাবিক মৃত্যু নয়। তাঁদের সন্দেহ, সঙ্গীতাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাটিকে অন্যভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে। বিশেষ করে পণ নিয়ে দীর্ঘদিনের অশান্তি এবং ঘটনার দিনের পরিস্থিতি নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে বলে দাবি পরিবারের।
পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। পরিবারের তরফে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।







