খেলাধুলা

বিরাট আউট হলেই খেতে ইচ্ছে করত না! নানা পাটেকরের পুরনো ভিডিও ঘিরে আবেগ, শোক ক্রীড়ামহলেও

বৃহস্পতিবার সকালেই এল মর্মান্তিক খবর। প্রয়াত প্রবাদপ্রতিম অভিনেতা নানা পাটেকর। বৃহস্পতিবার ভোরে গোয়ার ডোনা পাওলার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন ৭৫ বছরের অভিনেতা। দ্রুত তাঁকে মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। ভোর ৫টা ২০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

নানা পাটেকরের প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে। এর মধ্যেই সোশাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হয়েছে অভিনেতার একটি পুরনো ভিডিও। একটি অনুষ্ঠানে ক্রিকেটার বিরাট কোহলির ভূয়সী প্রশংসা করতে শোনা গিয়েছিল তাঁকে। ক্রীড়াপ্রেমী হিসেবে পরিচিত নানা যে বিরাটেরও বড় ভক্ত ছিলেন, সেই কথাই ধরা পড়েছে ওই ভিডিওতে।

ভিডিওতে নানা পাটেকরকে বলতে শোনা যায়, “বিরাট এমন একজন ক্রিকেটার, যাকে আমি খুব পছন্দ করি। যখন বিরাট দ্রুত আউট হয়ে যায়, তাহলে আমার আর খাবার খেতে ইচ্ছে করে না।”

নানা পাটেকরের প্রয়াণে শোক প্রকাশ করেছেন ক্রীড়াজগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বও। নিজের এক্স হ্যান্ডলে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান লেখেন, ভারতীয় সিনেমা জগৎ এক অসাধারণ প্রতিভাকে হারাল। তাঁর কাজ আগামী প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে বলেও উল্লেখ করেন তিনি। অভিনেতার প্রয়াণে শ্রদ্ধা জানান অজিঙ্ক রাহানেও। তাঁর কথায়, নানা পাটেকর ছিলেন অসাধারণ অভিনেতা, যাঁর অভিনয় বহু প্রজন্মকে বিনোদন দেওয়ার পাশাপাশি অনুপ্রাণিত করেছে।

১৯৭৮ সালে ‘গমন’ ছবির হাত ধরে বড় পর্দায় পা রাখেন নানা পাটেকর। এরপর হিন্দি ও মারাঠি সিনেমায় নিজের অভিনয় প্রতিভার মাধ্যমে আলাদা জায়গা তৈরি করে নেন তিনি। ‘পারিন্দা’, ‘অগ্নিসাক্ষী’, ‘ক্রান্তিভীর’, ‘তিরঙ্গা’, ‘অব তক ছপ্পন’-এর মতো একাধিক সফল ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছে। শুধু গম্ভীর চরিত্র নয়, ‘ওয়েলকাম’ সিরিজ কিংবা ‘ট্যাক্সি নম্বর ৯২১১’-এর মতো কমেডি ছবিতেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।

অভিনেতার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি অনিল কাপুর অভিনীত ‘সুবেদার’। দীর্ঘ অভিনয়জীবনে নিজের স্বতন্ত্র অভিনয়শৈলীর জন্য দর্শকদের মনে জায়গা করে নেওয়া নানা পাটেকরের প্রয়াণে গভীর শোক নেমে এসেছে বিনোদন জগতের পাশাপাশি ক্রীড়ামহলেও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.