এশিয়া কাপের মাঝপথেই নতুন বিতর্কে জড়িয়ে পড়ল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতীয় দলের সঙ্গে সৌজন্য বিনিময় না হওয়া থেকে শুরু করে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে ঘিরে তীব্র অসন্তোষ, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। পিসিবির স্পষ্ট হুমকি—দাবি না মানলে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ খেলতেই নামবে না পাকিস্তান দল। ফলে গোটা টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
ঘটনার সূত্রপাত টস থেকে। অভিযোগ, সূর্যকুমার যাদব পাকিস্তান অধিনায়ক সলমন আঘার সঙ্গে করমর্দন এড়িয়ে যান। ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটাররা সাজঘরে চলে যান, সৌজন্য বিনিময় করেননি প্রতিপক্ষের সঙ্গে। এমন আচরণে ক্ষুব্ধ হয় পিসিবি। শুধু তাই নয়, ভারতীয়দের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ম্যাচ রেফারি পাইক্রফ্টের অপসারণের দাবিতে আইসিসির দ্বারস্থ হয়েছে তারা। চেয়ারম্যান মহসিন নকভি খোলাখুলি জানিয়েছেন, ‘‘এশিয়া কাপ থেকে পাইক্রফ্টকে সরাতেই হবে।’’
অন্যদিকে পাকিস্তান দাবি করছে, পাইক্রফ্ট নিজেই সলমনকে টসের আগে করমর্দন না করার নির্দেশ দিয়েছিলেন। যদি তা-ই হয়ে থাকে, তবে ভারতীয়দের বিরুদ্ধে কোনও নেতিবাচক রিপোর্ট দেওয়া হবে না, এমন আশঙ্কা পাক শিবিরের। এ কারণেই তারা বিষয়টিকে রাজনৈতিক ও কূটনৈতিক চাপে পরিণত করতে চাইছে। তবে ক্রিকেট মহলের একাংশের মতে, পাকিস্তানের এই অবস্থান আসলে নিজেদের ব্যর্থতা আড়াল করার কৌশল।
এখন নজর এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও আইসিসির সিদ্ধান্তে। নকভি যেহেতু এসিসির সভাপতি, তাই পাকিস্তানের দাবি কতটা গুরুত্ব পায়, সেটাই দেখার। তবে একদল বিশেষজ্ঞের মতে, মাঠের ঘটনার বাইরে গিয়ে এই ধরনের হুমকি টুর্নামেন্টের ভাবমূর্তিকেই ক্ষুণ্ণ করছে। শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে সমাধান না হলে এশিয়া কাপের ভবিষ্যৎ বড়সড় সঙ্কটে পড়তে পারে।







