নারী সুরক্ষা নিশ্চিত করাকে অন্যতম অগ্রাধিকার হিসেবে দেখছে রাজ্যের বিজেপি সরকার। মহিলাদের নিরাপত্তার জন্য ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করা হয়েছে। সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সিদ্ধান্তের পর এবার গণপরিবহণে নজরদারি আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হল।
মহিলাদের নিরাপত্তার পাশাপাশি বাস পরিষেবায় স্বচ্ছতা আনতে এবার সরকারি ও বেসরকারি—দুই ধরনের বাসের কন্ডাক্টরদের জন্য বডিক্যাম বাধ্যতামূলক করার পরিকল্পনা ঘোষণা করলেন পরিবহনমন্ত্রী অর্জুন সিং। কন্ডাক্টরদের বুক বা জামার পকেটের কাছে এই ক্যামেরা লাগানো থাকবে। বাসে কী ঘটছে, তার ভিডিও রেকর্ড সংরক্ষিত থাকবে।
পরিবহনমন্ত্রী জানান, বাস নির্দিষ্ট জায়গায় না দাঁড়ানো কিংবা যাত্রীদের কাছ থেকে টাকা নেওয়ার পর টিকিট না দেওয়ার মতো অভিযোগ মাঝে মধ্যেই আসছে। এই ধরনের অনিয়ম বন্ধ করার পাশাপাশি মহিলা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই বডিক্যামের মাধ্যমে নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কন্ট্রোল রুম থেকে বাসের পরিস্থিতির উপর নজর রাখা সম্ভব হবে বলেও জানান তিনি।
ইতিমধ্যেই যাত্রীদের জন্য হেল্পলাইন চালু করা হয়েছে। ২৪ ঘণ্টা নজরদারির জন্য প্রায় ২০ থেকে ২৫ জন কর্মীকে দায়িত্বে রাখা হবে। আগামী এক বছরের মধ্যে প্রতিটি বাসে সিসিটিভি ক্যামেরা অথবা কন্ডাক্টরের বডিক্যাম থাকা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে বাস মালিকদের সঙ্গেও আলোচনা করা হবে বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী।
সরকারের এই উদ্যোগে বাসকর্মী এবং যাত্রী—দুই পক্ষই ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। এক বাস কন্ডাক্টরের কথায়, সরকারের নির্দেশ মেনে বডিক্যাম ব্যবহার করলে কন্ডাক্টরদের পাশাপাশি মহিলা যাত্রীদেরও নিরাপত্তা বাড়বে।
এক মহিলা যাত্রীও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁর বক্তব্য, বডিক্যামের মাধ্যমে বাসের পরিস্থিতির ভিডিও প্রমাণ হিসেবে সংরক্ষিত থাকবে। ফলে কোনও ঘটনা নিয়ে পরবর্তীতে বিতর্ক তৈরি হলে সেই ফুটেজের সাহায্যে প্রকৃত ঘটনা যাচাই করা সম্ভব হবে।







