ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে থাকা একটি বেসরকারি অ্যাম্বুল্যান্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ছড়াল তীব্র আতঙ্ক। আগুনের জেরে অ্যাম্বুল্যান্সে থাকা অক্সিজেন সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। এই ঘটনায় মৃত্যু হয়েছে এক রোগীর। গুরুতর জখম হয়েছেন আরও দু’জন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ময়ূরভঞ্জ জেলার উদলা মেডিক্যালের চত্বরে। হাসপাতাল প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা একটি বেসরকারি অ্যাম্বুল্যান্সে আচমকাই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গাড়ির ভিতরে। এরপর অ্যাম্বুল্যান্সে রাখা অক্সিজেন সিলিন্ডারে বিস্ফোরণ ঘটলে গোটা হাসপাতাল চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কুন্ডাবাই এলাকার বাসিন্দা সুযশ কুমার বারিক। গুরুতর আহত দু’জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে এই দুর্ঘটনা ঘিরে স্বাভাবিকভাবেই উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন। কীভাবে অ্যাম্বুল্যান্সটিতে আগুন লাগল এবং কী কারণে বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখা জরুরি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের দিকেই এখন নজর রয়েছে।







