কলকাতারাজ্য

পালাবদলের পর প্রথম পুজো, মহাসপ্তমীতে বাংলায় আসছেন অমিত শাহ

পালাবদলের পর বাংলায় এবার প্রথম দুর্গাপুজো। আর সেই পুজোর আবহেই মহাসপ্তমীতে রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, ওইদিন সকালে বেলুড় মঠে গিয়ে পুজো ও দর্শন করবেন তিনি। এরপর দিনভর কলকাতা ও সংলগ্ন এলাকার একাধিক দুর্গাপুজো মণ্ডপে যাওয়ার কথা রয়েছে তাঁর। বাংলার পুজোর আবহে দিনটি উপভোগ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

দুর্গাপুজো বাঙালির কাছে শুধুমাত্র উৎসব নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে গভীর আবেগ। সারা বছর এই কয়েকটি দিনের অপেক্ষায় থাকেন মানুষ। তবে এবার পরিস্থিতি কিছুটা আলাদা। কারণ, রাজ্যে বিজেপি সরকার গঠনের পর এটাই প্রথম দুর্গাপুজো। এই পুজোয় রাজ্যবাসীকে বিশেষ উপহার দেওয়ার ইঙ্গিতও মিলেছে সরকারের তরফে। মহালয়ার সন্ধ্যায় ইডেনে আয়োজিত মেগা ইভেন্ট ঘিরে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। সেই অনুষ্ঠানে অমিত শাহের উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তাঁর সফর বাতিল হয়ে যায়।

তবে সূত্রের খবর, মহালয়ায় বাংলায় আসতে না পারলেও মহাসপ্তমীতে রাজ্যে থাকবেন অমিত শাহ। তাঁর সফরসূচি অনুযায়ী, সকালে বেলুড় মঠে যাওয়ার পর বালির দেশবন্ধু ক্লাবের দুর্গাপুজো পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তাঁর। এরপর সৌজন্য সাক্ষাৎপর্ব সেরে দুপুর দেড়টা নাগাদ চেতলা ২৪ পল্লির পুজো মণ্ডপে যাওয়ার কথা। দুপুর ২টো নাগাদ সেখান থেকে শোভাবাজার রাজবাড়ির পুজো দেখতে যাবেন শাহ। সফরের শেষ পর্যায়ে তাঁর শ্রীভূমিতে যাওয়ার কথা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.