রাজনীতি

আইনি জট কাটিয়ে পঞ্চমীতেই বনগাঁয় বুকস্টল বসানোর অনুমতি সিপিএমকে

অবশেষে কাটল আইনি জট। পঞ্চমীর দিন বনগাঁয় বুকস্টল বসানোর অনুমতি পেল সিপিএম। কলকাতা হাইকোর্টের নির্দেশে পুজোর মণ্ডপের ১০০ মিটারের মধ্যে বইয়ের স্টল করার অনুমতি দেওয়া হয়েছে। যে জায়গায় বুকস্টল বসানো নিয়ে আপত্তি জানিয়েছিল প্রশাসন, সেখানে বইয়ের স্টল করলে সমস্যা কোথায়, রাজ্যের কাছে সেই প্রশ্নই তোলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বুকস্টল বসানো হয়েছে কি না, তা খতিয়ে দেখে পুলিশ সুপারকে আদালতে রিপোর্ট জমা দিতে হবে। পাশাপাশি বুকস্টল চালানোর সময় যাতে কোনও আইনশৃঙ্খলাজনিত সমস্যার সৃষ্টি না হয়, সেজন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছে আদালত। আগামী ২৩ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। তবে হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবারই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে পারে রাজ্য।

উল্লেখ্য, সম্প্রতি বনগাঁ এবং নৈহাটিতে দুর্গাপুজো উপলক্ষে দুটি বুকস্টল বসানোর অনুমতি চেয়ে আবেদন করেছিল বামেরা। অভিযোগ, সেই আবেদনে সাড়া দিয়ে অনুমতি দেয়নি পুলিশ। এরপরই বিষয়টি গড়ায় আদালতে। এদিন বনগাঁর পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট থানার আইসিকে বুকস্টল বসানোর অনুমতি দেওয়ার নির্দেশ দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

শুনানিতে বিচারপতি প্রশ্ন করেন, “সেখানে কি কোনও বড় পুজো হচ্ছে? তাহলে সমস্যা কোথায়? সেখানে কি অন্য কেউ স্টল দিয়েছে?”

এর জবাবে এজি পাল্টা প্রশ্ন তোলেন, “আমি যদি আজ এসে বলি, ওঁদের বিল্ডিংয়ের উপর নিজের নির্মাণ তৈরি করব এবং তার জন্য পুলিশি নিরাপত্তা চাই, তাহলে কী পদক্ষেপ করা হবে? ওঁরা জানেন, অনুমোদন প্রয়োজন।”

তখন বিচারপতি বলেন, “তাহলে বুলডোজার বা জেসিবি চালিয়ে দিতে বলছি। ওখানে কিছুই থাকবে না। আপনি কি নিশ্চিত করতে পারবেন, সেখানে আর কোনও অস্থায়ী নির্মাণ নেই বা থাকবে না? যা আছে সব ডেমোলিশ করুন। রাজ্যকে একটি অভিন্ন অবস্থান নিতে হবে।”

এজি জানান, ওই জায়গায় কোনও অস্থায়ী নির্মাণের অনুমোদন দেওয়ার ক্ষমতাও তাঁর নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.