আর জি কর মেডিক্যাল কলেজের দুর্নীতি মামলায় জামিন পেলেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। শুক্রবার তাঁর জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। তদন্তের গতি অত্যন্ত ধীর—এমনই পর্যবেক্ষণ করেছে শীর্ষ আদালত। আর সেই রায়ের পরই তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন অভয়ার বাবা শেখর দেবনাথ। তাঁর অভিযোগ, তদন্তের ক্ষেত্রে গাফিলতি রয়েছে।
শেখর দেবনাথ বলেন, “যে সংস্থা কাজ করলে টাকা পায়, আর কাজ না করলে ঘুষ পায়, তাদের নিয়ে আর কী বলব! মনীষ উপাধ্যায়কে ফোন করেছিলাম। তিনি জানিয়েছেন, তাঁদের কিছু করার নেই। সময় লাগবে।”
অভয়ার মৃত্যুর পরই তৎকালীন তৃণমূল সরকারের আমলে আর জি কর মেডিক্যাল কলেজে আর্থিক অনিয়মের অভিযোগ প্রকাশ্যে আসে। হাসপাতালের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি এবং প্রভাব খাটিয়ে বেআইনি কাজের অভিযোগে গ্রেফতার করা হয় তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। মেয়ের মৃত্যুতে প্রভাবশালী ব্যক্তিদের যোগ থাকার অভিযোগও তুলেছিলেন অভয়ার বাবা-মা। এবার সন্দীপ ঘোষ জামিন পাওয়ার পর ফের তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে সরব হলেন অভয়ার বাবা।
বর্তমানে রাজ্যে বিজেপি সরকার। অভয়ার মা রত্না দেবনাথও বিজেপির বিধায়ক। তাহলে রাজ্যে সরকার পরিবর্তনের পরও পরিস্থিতি কেন বদলাল না? এই প্রশ্নের জবাবে শেখর দেবনাথ বলেন, “সরকারে থাকলে কী হয়েছে? সরকার কী করবে?ও সিবিআই একটি স্বাধীন তদন্তকারী সংস্থা। তারা ঠিকমতো কাজ না করলে কী করার আছে? তবে তাঁদের জবাব দিতেই হবে।”
তিনি আরও বলেন, “১৪৭ কোটি মানুষ যে সংস্থার উপর আস্থা রাখছে, সেই সংস্থার কাজে যদি এমন গাফিলতি থাকে, তাহলে মানুষ কীভাবে ভরসা করবে? এর জন্য সরকার দায়ী নয়, দায়ী তদন্তকারী সংস্থা। এটি দুর্নীতির মামলা। পাশাপাশি ধর্ষণ-খুনের মামলাতেও সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার দাবিও আমরা জানিয়েছি।”
উল্লেখ্য, আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ দীর্ঘ দু’বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি ছিলেন। ২০২৪ সালের অগস্টে হাসপাতালে এক গবেষক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার পরই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসে। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠার পর অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। পরে ওই ঘটনায় তথ্যপ্রমাণ নষ্ট করার অভিযোগে সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। এরপর সন্দীপ ঘোষের বিরুদ্ধে পৃথকভাবে আর্থিক দুর্নীতির মামলাও দায়ের হয়।
এর আগে কলকাতা হাই কোর্ট সন্দীপ ঘোষের জামিনের আবেদন খারিজ করেছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। শুক্রবার বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের ডিভিশন বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করে।
শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, দু’বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি সন্দীপ ঘোষের বিরুদ্ধে ১৪৭ জন সাক্ষীর মধ্যে এখনও পর্যন্ত মাত্র সাতজনের সাক্ষ্যগ্রহণ সম্পূর্ণ হয়েছে। বিচারপ্রক্রিয়া এগোনোর ক্ষেত্রে এই ধীর গতির বিষয়টি বিবেচনা করেই তাঁকে জামিন দেওয়া হয়েছে বলে জানিয়েছে আদালত।
সন্দীপ ঘোষের জামিনের পরই ফের ক্ষোভ প্রকাশ করেছেন অভয়ার বাবা। পাশাপাশি তদন্তের গতি নিয়ে প্রশ্ন তুলে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।







