কেন্দ্র

কড়া নিরাপত্তার মধ্যে শর্তসাপেক্ষে মুক্তি অভিজিৎ দীপকের, SIR-বিরোধী বিক্ষোভ ঘিরে উত্তেজনা দিল্লিতে

নয়াদিল্লি: কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে শর্তসাপেক্ষে মুক্তি পেলেন ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শুক্রবার বাড়ির কাছ থেকে তাঁকে আটক করার পর শনিবার বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয়। সেখানে শান্তি বজায় রাখার মুচলেকা বা ‘পিস বন্ড’-এ স্বাক্ষরের পর তাঁকে মুক্তি দেয় দিল্লি পুলিশ।
নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর প্রতিবাদে শুক্রবার কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘লহরাও দো তিরঙ্গা’ কর্মসূচির ডাক দিয়েছিল CJP। সেই কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথেই আটক হন অভিজিৎ। সম্ভাব্য অশান্তি এড়াতে মধ্য দিল্লিতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করেছিল পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে তাঁর বিরুদ্ধে ১৬৩, ১২৬ ও ১৭০ ধারায় প্রতিরোধমূলক পদক্ষেপ করা হয়।
অভিজিতের আটকের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন CJP-র আইনি বিভাগের প্রধান রত্না সিংহ। তাঁর অভিযোগ, শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানানো অপরাধ নয়। পাশাপাশি, অভিজিতের অবস্থান জানাতে দেরি করা এবং আইনজীবীদের তাঁর সঙ্গে দেখা করতে না দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি।
এদিকে, একই কর্মসূচির জেরে আটক AISA-র সভানেত্রী নেহা বোরাওকেও শনিবার ভোরে মুক্তি দেওয়া হয়েছে। ভোটার তালিকার সংশোধন বন্ধ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানিয়েছেন তিনি।
দিল্লি পুলিশ সূত্রে খবর, আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রায় ১৫০ জনকে আটক করা হয়েছিল। ঘটনার জেরে একাধিক এফআইআর দায়ের হয়েছে বলেও জানা গিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.