খেলাধুলা

নির্বাচকদের বঞ্চনার জবাব ব্যাটে! রঞ্জি ট্রফিতে ১৫৪ রানের ঝকঝকে ইনিংস সরফরাজ় খানের

জাতীয় দলের দরজা বন্ধ, কিন্তু ব্যাট হাতে নিজের যোগ্যতা প্রমাণে অবিচল সরফরাজ় খান। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ়ের ভারতীয় দলে জায়গা হয়নি তাঁর। এমনকি ভারত ‘এ’ দলের জন্যও বিবেচিত হননি মুম্বইয়ের এই ব্যাটার। নির্বাচকদের সেই সিদ্ধান্তের জবাব দিলেন রঞ্জি ট্রফিতে দুরন্ত শতরান করে।
হিমাচল প্রদেশের বিরুদ্ধে বিলাসপুরে ১৫৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন ২৮ বছরের সরফরাজ়। ২২৮ বলের ইনিংসে রয়েছে ১৯টি চার। তাঁর ব্যাটিংয়ের পাশাপাশি সিধেশ ল্যাডের ৮৭ এবং আকাশ আনন্দের অপরাজিত ১১৭ রানের সৌজন্যে মুম্বই প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫২৮ রান তুলে ইনিংস ঘোষণা করে। হিমাচল প্রথম ইনিংসে করেছিল মাত্র ১৪০ রান।
প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিমধ্যেই পাঁচ হাজারের বেশি রান এবং ১৮টি শতরান রয়েছে সরফরাজ়ের। ভারতের হয়ে ছ’টি টেস্টে একটি শতরান ও তিনটি অর্ধশতরানও করেছেন তিনি। তবু বারবার জাতীয় দল থেকে বাদ পড়তে হচ্ছে তাঁকে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে সাই সুদর্শনের পরিবর্ত হিসেবে দলে সুযোগ পেলেও মাঠে নামার সুযোগ হয়নি। ২০২৪ সালের নভেম্বরে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিলেন সরফরাজ়। ওয়াংখেড়েতে দুই ইনিংসে করেছিলেন শূন্য ও এক রান। সেই ব্যর্থতার পর থেকেই জাতীয় দলে প্রত্যাবর্তনের অপেক্ষায় তিনি। তবে হাল ছাড়ছেন না সরফরাজ়। রঞ্জির ২২ গজে তাঁর ব্যাটই এখন সবচেয়ে বড় জবাব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.