বিহার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তরুণ ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে অভিনব উদ্যোগ নিয়েছে বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। ভোটের বয়স না হলেও, প্রচারের কাজে ব্যবহার করা হচ্ছে ১৪ বছর বয়সী তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে। সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর তাদের সমাজমাধ্যমের একাধিক অ্যাকাউন্টে এই কিশোর ক্রিকেটারের একটি ভিডিয়ো পোস্ট করেছে।
ভিডিয়োয় বৈভব সূর্যবংশী তরুণ সমাজকে ভোটদানে সচেতন হওয়ার বার্তা দিয়েছেন। তিনি বলেন, “মাঠে নেমে আমার কাজ হলো ভালো খেলা এবং দলকে জেতানো। তেমনই গণতন্ত্রের মাঠে আপনাদের গুরুত্বপূর্ণ কাজ হলো ভোট দেওয়া।” এই তরুণ ব্যাটার সকলকে সচেতন নাগরিক হয়ে বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর তরুণ ভোটারদের উৎসাহিত করতে ‘এসভিইইপি’ আইকন হিসেবে বৈভবের মতো সফল ব্যক্তিত্বদের ব্যবহার করছে। বৈভবের পাশাপাশি অভিনেতা চন্দন রায়, পঙ্কজ ঝা, হকি খেলোয়াড় জ্যোতি কুমারী এবং সমাজকর্মী তাবাসসুম আলিদেরও এই প্রচারের মুখ হিসেবে বেছে নেওয়া হয়েছে।







