আইএসএলের উত্তাপ এখনও মিলিয়ে যায়নি, তার মধ্যেই নতুন বিতর্কে উত্তাল ভারতীয় ফুটবল। আই লিগের চ্যাম্পিয়ন নির্ধারণ নিয়ে চলমান জটিলতার আবহে সুপার কাপ থেকে নাম প্রত্যাহার করল চার্চিল ব্রাদার্স। এর ফলে গোয়ার দলের বিপক্ষে প্রথম ম্যাচে ওয়াকওভার পেয়ে যেতে পারে মোহনবাগান সুপার জায়ান্টস। যদিও এখনও পর্যন্ত এআইএফএফ-এর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
এই সিদ্ধান্তের মূল কারণ, আই লিগের শেষ পর্যায়ের বিতর্ক। ২২ ম্যাচে চার্চিলের পয়েন্ট ৪০, ঠিক তার নিচেই ৩৯ পয়েন্ট নিয়ে ইন্টার কাশী। কিন্তু নামধারী এফসির বিরুদ্ধে ‘অবৈধ প্লেয়ার’ ব্যবহারের অভিযোগে আপিল করেছে কাশীর ক্লাবটি। সেই অভিযোগ প্রমাণিত হলে তিন পয়েন্ট বেশি পেয়ে তারা চ্যাম্পিয়ন হতে পারে। তাই এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি।
চার্চিলের অভিযোগ, এআইএফএফ পক্ষপাতদুষ্ট আচরণ করছে। সুপার কাপের ড্র-ও তৈরি করা হয়েছে ‘লটারি’র মাধ্যমে, যেখানে স্বচ্ছতা ছিল না বলে দাবি ক্লাবটির। তাই প্রতিবাদস্বরূপ তারা টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছে।
শুধু চার্চিল নয়, দিল্লি এফসি, আইজল, নামধারী, রিয়াল কাশ্মীর ও শ্রীনিধি ডেকান—এই ছয় ক্লাব একযোগে এআইএফএফ-কে চিঠি দিয়েছে। অভিযোগ, ইন্টার কাশী বারবার অন্যায় সুবিধা পেয়েছে।
এই চিঠি ও নাম প্রত্যাহার ভারতীয় ফুটবলের অন্দরে বড়সড় অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে, যার প্রভাব পড়তে চলেছে সুপার কাপে।







