পাঁচ ম্যাচে পরপর হার, আইপিএলের চলতি মরশুমে অস্তিত্ব সংকটে পড়েছিল চেন্নাই সুপার কিংস। এমন পরিস্থিতিতে সোমবার লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামা মানেই ছিল ‘মরন বাঁচন’ লড়াই। আর সেখানেই পুরনো ধাঁচে নিজেকে প্রমাণ করলেন মহেন্দ্র সিং ধোনি। শেষ ১১ বলে ২৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে তিনি দলকে এনে দিলেন নাটকীয় জয়। ম্যাচের শেষে চেন্নাইয়ের নামের পাশে উঠল দ্বিতীয় জয়, যা থামাল পরপর পাঁচ পরাজয়ের ধারা।
লখনউ প্রথমে ব্যাট করে তোলে ১৬৬ রান। ঋষভ পান্থ, যিনি এই ম্যাচে অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও নেতৃত্ব দেন, করেন ৬৩ রান। শুরুটা ঝড়ের গতিতে হলেও স্পিনারদের বিরুদ্ধে পড়ে যান চাপে। বিশেষত নুর আহমেদের বলের সামনে ১৫ বলে ১০টি ডট খেলেন তিনি। তবে শেষ দিকে পাথিরানার বিপক্ষে বড় শট মেরে তিনি দলকে সম্মানজনক রানে পৌঁছে দেন।
চেন্নাইয়ের রান তাড়ার শুরুটা ভালোই ছিল। রাচিন রবীন্দ্র ২২ বলে ৩৭ এবং অভিষেককারী শেখ রশিদ ১৯ বলে ২৭ রান করে দেন উড়ন্ত সূচনা। কিন্তু মাঝের ওভারে উইকেট পড়ে যাওয়ায় হঠাৎই চাপে পড়ে যায় দল। তখনই হাল ধরেন শিবম দুবে।
শিবম দুবে ধৈর্য ও আগ্রাসনের মিশ্রণে ৩৭ বলে ৪৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। কিন্তু জয়ের জন্য শেষ ধাক্কাটা দিয়েছেন ধোনি। মাত্র ১১ বলেই মারেন দুই ছক্কা ও দুটি চার। ২৬ রান করে নট আউট থাকেন।এই ইনিংসের মাধ্যমে ধোনি যেন ফের জানিয়ে দিলেন— ফিনিশার এখনও বিদ্যমান।







